লিউয়ের আরেক চ্যালেঞ্জার
বিশ্ব রেকর্ডধারী কিউবার ডেরন রোবলেস তো আছেনই। আসন্ন লন্ডন অলিম্পিকের ১১০ মিটার হার্ডলসে লিউ শিয়াংয়ের আরেক চ্যালেঞ্জার হয়ে এলেন এরিয়েস মেরিট। পরশু যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড ট্রায়ালে ক্যারিয়ার এবং বছরের সেরা সময় করে প্রথম হয়েছেন ২৬ বছর বয়সী হার্ডলার।গত ১৯ মে লন্ডন অলিম্পিকের জায়গা নিশ্চিত করতে ১২.৯৭ সেকেন্ড সময় করেছিলেন চীনাদের নয়নমণি লিউ শিয়াং। পরশুর আগ পর্যন্ত এটাই ছিল এ বছরের সেরা সময়। পরশু এটাকে ভেঙে ইনডোরের ৬০ মিটারের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মেরিট সময় করেছেন ১২.৯৩ সেকেন্ড, যা তাঁর আগের ক্যারিয়ার-সেরা সময়ের চেয়ে দশমিক এক শূন্য সেকেন্ড কম।১১০ মিটার হার্ডলসের ইতিহাসে মেরিটের এই সময়ের চেয়ে মাত্র সাতজন হার্ডলার দ্রুত দৌড়েছেন। লন্ডন অলিম্পিকে যার দুজনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবেন মেরিট—লিউ ও রোবলেস। যুক্তরাষ্ট্রের নতুন চ্যাম্পিয়ন মেরিট নিজের পারফরম্যান্সে দারুণ খুশি, ‘ফাইনালে ১৩ সেকেন্ড ভেঙে দেওয়া, আমি বিস্ময়কর কিছু করেছি। আমার শুরুটা ছিল দারুণ এবং শুরুটাকে আরও প্রতিষ্ঠিত করেছি।’ মেরিটের সঙ্গে অলিম্পিকে যাওয়া নিশ্চিত করেছেন জেসন রিচার্ডসন ও জেফ্রি পোর্টারও। আউটডোর বিশ্ব চ্যাম্পিয়ন রিচার্ডসন ১২.৯৮ সেকেন্ড সময় করে হয়েছেন দ্বিতীয়। মেয়েদের ২০০ মিটারে গত ১৪ বছরের মধ্যে সেরা সময় করেছেন দুবারের অলিম্পিক রুপাজয়ী অ্যালিসন ফেলিক্স। পরশু যুক্তরাষ্ট্রের ট্রায়ালে তিনি প্রথম হয়েছেন ২১.৬৯ সেকেন্ড সময় করে। এএফপি, রয়টার্স।