লিউয়ের পরিণতি রোবলেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিউ শিয়াংয়ের অলিম্পিক চ্যাম্পিয়নের মুকুট কেড়ে নিয়েছেন বেইজিং অলিম্পিকে। কেড়েছেন বিশ্ব রেকর্ডও। এবার লিউয়ের কাছ থেকে আরেকটি জিনিস নিলেন ডেরন রোবলেস—দুর্ভাগ্য! পরশু ট্র্যাকে হোঁচট খেয়ে পড়ে গেছেন কিউবান এই হার্ডলার। খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এসেছেন। সেটিও ফাইনালে! টানা দুই অলিম্পিকে দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে করুণ পরিণতি বরণ করতে বাধ্য করা অলিম্পিক এবার মুকুট তুলে দিল নতুনের মাথায়। হার্ডলসের সেই স্বর্ণমুকুট পরেছেন যুক্তরাষ্ট্রের অ্যারিস মেরিট।বড় মঞ্চে মেরিটের এটাই প্রথম জয়। তার পরও তাঁর প্রথম হওয়াটা বিস্ময়ের ছিল না। রোবলেস থাকার পরও ফেবারিট ছিলেন এই ২৭ বছর বয়সীই। ছয়টি হিট মিলিয়েও তাঁর টাইমিং ছিল সবার চেয়ে ভালো। হিটের চেয়েও ভালো টাইমিং গড়ে (১২.৯২ সেকেন্ড) সোনা জিতেছেন মেরিট, অলিম্পিক ইতিহাসেরই দ্বিতীয় সেরা টাইমিং। রুপা জিতেছেন তাঁরই সতীর্থ জ্যাসন রিচার্ডসন। ব্রোঞ্জ জ্যামাইকার হ্যান্সল পার্চমেন্টের। ১৬ বছর পর হার্ডলসে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের কেউ।আগের দিন লিউয়ের অপ্রত্যাশিত বিদায় মেরিটকে ব্যথিত করেছিল। যেটি তাঁর ভাষায় ‘ট্র্যাজেডি’। ফাইনালেও যে আরেকটি ট্র্যাজেডি ঘটবে কে জানত! অবশ্য দুর্ভাগ্য রোবলেসের পিছু নিয়েছে বেশ কিছু দিন ধরেই। ২০১১ বিশ্ব চ্যাম্পিয়শিপে সবার আগে সমাপ্তিরেখা ছুঁয়েও সোনা জিততে পারেননি! দৌড়ানোর সময় পাশের লেনে থাকা লিউয়ের সঙ্গে লেগে গিয়েছিল তাঁর শরীর। ডিসকোয়ালিফাইড হয়েছিলেন ২৫ বছর বয়সী কিউবান। এবার অলিম্পিকে পেশিতে টান লাগায় পড়ে গেলেন হার্ডলে। রোবলেসের জন্য সবাই সমব্যথী, তবে একই সঙ্গে নতুন চ্যাম্পিয়ন পেয়ে উচ্ছ্বসিতও। উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন মেরিট, ‘আমি খুবই রোমাঞ্চিত। কতটা সেটা বলে বোঝাতে পারব না। সোনার পদক মানে সবকিছু। এই ইভেন্টে যুক্তরাষ্ট্রকে সর্বশেষ সোনা জিতিয়েছিলেন অ্যালেন জনসন, ১৯৯৬ সালে। এই অর্জন তাই বিরাট। এ রকম একটা আবহে প্রথম হতে পারাটা সত্যিই বিশেষ কিছু।’রোবলেসের ১২.৮৭ সেকেন্ড টাইমিংয়ের বিশ্ব রেকর্ডটাও হুমকির মুখে পড়ে গিয়েছিল এদিন। কিন্তু বাতাস ছিল প্রতিকূলে। তবে বিশ্ব রেকর্ড নিয়ে আক্ষেপ নেই মেরিটের, ‘লোকে বিশ্ব রেকর্ডের কথা বলাবলি করছিল। কিন্তু বাতাসের বিপরীতে ১২.৯২ অনেক ভালো টাইমিং। আমি এতে খুবই খুশি। অলিম্পিকের জন্য খুব খেটেছি। মনে মনে ভেবেছিলাম, এটাকেও একটা অনুশীলন হিসেবে ধরে নিলে হাস্যকর কিছু একটা করে ফেলতে পারব।’ এএফপি।