লিও না ডিয়েগো, কারটি সেরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেটাফের বিপক্ষে অবিশ্বাস্য সেই গোলের পর মেসি
গেটাফের বিপক্ষে অবিশ্বাস্য সেই গোলের পর মেসি

‘আবারও বার্সার দখলে মাঠ
জাভি...
মেসির হঠাৎ দিক পরিবর্তন
তিনি বল নিয়ে ছুটছেন, নাচোকে পেছনে ফেললেন
বক্সের ভেতর...আবারও দিক পরিবর্তন
বলটি মনে হয় তেড়েফুঁড়ে যাচ্ছে...
মেসির গোওওওওওল
অবিশ্বাস্য...
চারজনকে কাটিয়ে গোল। হতবিহ্বল গোলরক্ষক
কোনো সন্দেহ নেই, মৌসুমের সেরা গোল
বিস্ময়কর। গোটা বিশ্ব হতবাক। গতি, সামর্থ্য, ধোঁকা, ফিনিশিং—কী অসাধারণ প্রদর্শনী। সত্যিই মন ভরে গেল
কোনো তুলনা নেই । কিন্তু ম্যারাডোনার কথা মনে করিয়ে দিল গোলটি। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের ছয়জন খেলোয়াড়কে কাটিয়ে এমনই একটি গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। দুটিই ভিন্ন গোল। খেলোয়াড়ও আলাদা। আমি বলছি না, এ গোলের মাধ্যমে মেসি ম্যারাডোনা হয়ে গেছে। কিন্তু এটি আমাকে সেই গোলের কথাই মনে করিয়ে দিল।’
ডিজিটাল প্লাস টেলিভিশনের ধারাভাষ্যকারের বর্ণনা এটি। বার্সেলোনা-গেটাফের ম্যাচে মেসির সেই অবিশ্বাস্য গোলটির বর্ণনা দিতে গিয়ে যেন ভাষাই হারিয়ে ফেলেছিলেন চ্যানেলটির ভাষ্যকার।
গুরুত্বের বিবেচনায় গোল দুটি পুরোই আলাদা। একটি কোপা দেল রের সেমিফাইনাল। অন্যটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। আবার ম্যারাডোনাটির মাহাত্ম্য বেশি অন্য কারণেও। ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধের পর সেবারই প্রথম দেশ দুটি ফুটবলে মুখোমুখি হলো।
আবার নায়ক দুজনও আলাদা। ম্যারাডোনা ‘ফুটবল-ঈশ্বর’, বয়স ২৫ বছর৷ মহাতারকা৷ আর মেসি? তখনো ‘মেসি’ হয়ে ওঠেননি। মাত্রই ১৯ বছরের এক তরুণ। দুই বছরও হয়নি, লা লিগা ও জাতীয় দলে অভিষেক ঘটেছে।
কিন্তু গোল দুটির ধরন প্রায় অভিন্ন। মনে হয়, একজন আরেকজনের কাছ থেকে শিখেছেন৷ কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ্য ভেদ করেছেন গোলবারে৷
২০০৭ সালের ১৮ এপ্রিল মেসির ওই গোলটির পর সারা বিশ্বেই হইচই। ইউটিউবে ছড়িয়ে পড়ল গোলটি। অনলাইনে

হাজারবার গোলটি দেখলেন পক্ষ-বিপক্ষ সবাই। সঙ্গে ম্যারাডোনারটিও। বিতর্ক ছড়িয়ে পড়ল ময়দানে, কোনটি সেরা? ম্যারাডোনার নাকি মেসির?
পরের দিন মেসিকে নিয়ে পত্রপত্রিকায় চলল প্রশংসাবৃষ্টি৷ কেউ বলল, ‘মেসিডোনা’৷ কেউ বা ‘দ্য ফুট অব গড’, ‘বিশ্বকে ঝাঁকুনি দিল মেসি’—আরও কত কী!
অন্য সবার মতো গোলটি তাক লাগিয়ে দিল সতীর্থ ডেকোকেও, ‘আমার জীবনে দেখা সেরা গোল।’ জকুর্য়েরা বললেন, ‘ও আমাদের সবাইকেই ম্লান করে দিল।’ আর গুইজার বর্ণনায়, ‘গোলটি বর্ণনা করার মতো ভাষাই জানা নেই।’
চোখ ধাঁধানো গোলটি করতে মেসি সময় নিয়েছিলেন মাত্র ১২ সেকেন্ড৷ তাঁর পূর্বসূরি ম্যারাডোনার লেগেছিল ১০ দশমিক ৮ সেকেন্ড৷ মেসি দৌড়েছিলেন ৬০ মিটার, আর ম্যারাডোনা ৬২ মিটার৷ মেসির যেখানে বলে ১৩টি স্পর্শ লেগেছিল, ম্যারাডোনার লেগেিছল ১২টি৷ ম্যারাডোনা কাটিয়েছিলেন ছয়জনকে, আর মেসি চারজন৷
গোল দুটির মধ্যে এত সামঞ্জস্য! তবে সেরা কোনটি, তা নিয়ে চলছে এখনো বিতর্ক৷ ভোটাভুটিও হয়েছে কয়েক দফা৷ মার্কার জনমত জরিপে ৫৫ হাজার লোক অংশ নিয়েছিল৷ এর ৬১ শতাংশই মেসির পক্ষে মত দিয়েছে৷ একই চিত্র দেখা গেছে, কাদেনা সার রেডিও স্টেশনের জরিপেও৷ সেখানে মেসি এগিয়ে ৫২ শতাংশ ভোট পেয়ে৷ তবে আর্জেন্টিনার ‘ওলে’ ওয়েবসাইটের জরিপের ফল দেয় উল্টো মত৷ তা প্রত্যাশিতও৷ কেননা, ’৮৬ বিশ্বকাপের গোলটি সবার স্মৃতিতেই স্থায়ী জায়গা করে নিয়েছে৷ দেশটির এমন কোনো বাড়ি নেই যেখানে একবারের জন্যও গোলটি দেখা হয়নি৷ ওয়েবসাইটটির জরিপের ৭৪ শতাংশ ভোট গেছে ম্যারাডোনার পক্ষে৷
তর্কবিতর্ক চলছেই৷ চলবে৷ তবে গোল দুটি করে মেসি-ম্যারাডোনা আর সাধারণ ফুটবলারদের কাতারে নেই৷ তাঁরা মানুষের নায়কে পরিণত হয়েছেন৷
চারদিকে যাঁদের গোল নিয়ে এত হইচই, সেই মেসি-ম্যারাডোনা কী বলছেন? বিনয়ী মেসির ভাষায়, ‘আিম টেলিভিশনে একবার গোলটি দেখেছি৷ কিন্তু আমি কখনোই চিন্তা করিনি যে এটি ম্যারাডোনার সমান৷’
আর ম্যারাডোনা? হারার পাত্র নন৷ যেন কোনো কিছুতেই সিংহাসন ছাড়তে নারাজ, ‘যাঁরা তুলনা করছেন তাঁরা অতিরঞ্জিত করছেন৷ আমার গোলটি ছিল মেসির চেয়ে খুবই সুন্দর৷ বিশ্বকাপের মতো মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে গোলটি করেছিলাম আমি৷ আর লিও করেছে কোপা দেল রে ম্যাচে, গেটাফের বিপক্ষে৷’ মেসি কি কখনো আপনাকে ছাড়িয়ে যেতে পারবে, এই প্রশ্নে এবার আর অহংবোধ নয়৷ উত্তরসূরির জন্য শুভকামনা ঝরে পড়ল কিংবদন্তির মুখে, ‘আর্জেন্টিনার ফুটবলের জন্য এটা ভালো হলে, আমি অবশ্যই বলব, লিওকে আমাকে ছাড়িয়ে যেতে দাও৷’
সূত্র: বিভিন্ন সময়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন, একাধিক ওয়েবসাইট ও লুকা কাইয়োলির বই মেসি৷