লিকে শুভকামনা শচীনের
ঘণ্টায় ১০০ মাইল বেগে বল করা একমাত্র বোলার শোয়েব আখতারের শুভকামনা পেয়েছেন। অস্ট্রেলীয় ‘স্পিড স্টার’ ব্রেট লি এবার পেলেন মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের শুভকামনাও।‘লির বিপক্ষে খেলার আনন্দটাই আলাদা। সফল ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা।...ভবিষ্যতের জন্য তোমার প্রতি শুভকামনা রইল।’ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে ব্রেট লির প্রতি এক বার্তায় লিখেছেন শচীন।টেস্ট ও ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান-সেঞ্চুরির মালিক শচীনের টুইটার বার্তায় আনন্দিত লি। মাঠে দুজনের দ্বৈরথের কথা স্মরণ করে শচীনকে ধন্যবাদ দিয়েছেন সদ্য অবসরে যাওয়া লি, ‘শচীন, তোমার কথাই ঠিক। মাঠে কঠিন সব লড়াইয়ের জন্য তোমাকে ধন্যবাদ। তুমিই আমার ভেতরের সেরাটা বের করতে পেরেছিলে।’শুধু শচীন নন, লিকে বার্তা পাঠিয়েছেন ক্যানসার থেকে ফিরে আসা যুবরাজ সিংও। ‘লি এমন একজন, যে নিজে উজাড় করে দিয়ে বল করে। ও চ্যাম্পিয়ন বোলার, বিশ্বমানের ক্রীড়াবিদ। বন্ধু হিসেবে লি অসাধারণ। ওর অবসরে আমি মর্মাহত।’ টুইটারে লিখেছেন যুবরাজ।লির সঙ্গে মুখোমুখী লড়াইয়ের স্মৃতি টেনে যুবরাজ লিখেছেন, ‘২০০৪ সালে পার্থে ভিবি সিরিজের একটা ম্যাচের কথা মনে আছে আমার। ৩০ গজের বৃত্তের ভেতর কিপিং করছিল গিলি। অন্য প্রান্ত থেকে ১৫৫ কিলোমিটার গতিতে বল ছুড়ছিল লি! অবিশ্বাস্য!’ যুবরাজের টুইটার পেয়ে লি লিখেছেন, ‘ধন্যবাদ কিংবদন্তি। আশা করছি, দ্রুতই শক্তিশালী হয়ে উঠবে তুমি।’ইনজুরির কাছে অসহায় আত্মসমর্পণ করে গত শুক্রবার ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানেন লি। বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে লি বলেছিলেন, ‘গত দুই-তিন রাত বিষয়টা নিয়ে অনেক ভেবেছি আমি। ঘুম থেকে উঠেই মনে হলো, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ঘোষণার সঠিক সময় আজই। এটা আমার কাঁধে ওপর একটা ভারী বোঝা হয়ে ছিল। গত দুই দিন খুব চিন্তিত ছিলাম।’২০০২ ও ২০০৩ সালে দুই বার ঘণ্টায় ১০০ মাইলের চেয়ে জোরে বল করার রেকর্ড গড়েন শোয়েব আখতার। পাকিস্তানি এই গতিদানব আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের পর। এবার বিদায় নিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৯৯.৯ মাইল বেগে বল করা লি। তাঁর বিদায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ মাইলের কাছাকাছি গতিতে বল করার মতো বোলার আর রইল না। সূত্র: পিটিআই।