লিকে শোয়েবের শ্রদ্ধা
আধুনিক ক্রিকেটে এমনিতেই ফাস্ট বোলারের আকাল। ব্রেট লির অবসরে তাই বিশাল এক শূন্যতাই হয়তো তৈরি হলো ক্রিকেটের এই বিভাগে। এই শূন্যতায় অবশ্য আপত্তি থাকার কথা নয় ব্যাটসম্যানদের। অন্তত শোয়েব আখতার তাই ভাবছেন। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার জানেন ব্যাটসম্যানরা কতটা ভয় পান ফাস্ট বোলারদের। গত শুক্রবার অবসরের ঘোষণা দেওয়া লির প্রতি কাল নিজের শ্রদ্ধা জানিয়েই এসব বললেন পাকিস্তানি গতিদানব।ঘণ্টায় ১০০ মাইল বেগে বোলিং করা একমাত্র বোলার শোয়েব আখতার। ২০০২ ও ২০০৩ সালে দু-দুবার পেরিয়েছিলেন ১০০ মাইল। ৯৯.৯ মাইল বেগে বোলিং করে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বোলার ব্রেট লি। গত বিশ্বকাপের পর অবসর নেওয়া আখতার কাল করাচিতে লিকে শ্রদ্ধা জানাতে গিয়ে বললেন ফাস্ট বোলারের আকালের কথা, ‘ক্রিকেটে খুব কমই সত্যিকারের ভয়ংকর গতির ফাস্ট বোলার ছিল। এখন লির অবসরের পর ৯৯ মাইল গতিতে বল করা আর কোনো বোলার রইল না। ব্যাটসম্যানদের ভয়টাও কমে গেল।’ ওয়েবসাইট।লির অবসরটাকে বিষাদের এক দিন বলেছেন ৩৬ বছর বয়সী শোয়েব, ‘শুক্রবারটা ক্রিকেটের জন্য এক বিষাদের দিন ছিল। কারণ ভয়ংকর গতির এক ফাস্ট বোলার অবসর নিল। সারা বিশ্বের ক্রিকেট-ভক্তরা তাকে ভালোবাসত। এখন তারা অভাব বোধ করবে।’একদা ‘শত্রুপক্ষের’ এই বোলিং-গোলার বিদায়বেলায় শোয়েব খুলে দিয়েছেন তাঁর স্মৃতির ডালা, ‘লি তাঁর সবটাই ক্রিকেটকে দিয়েছে। সত্যিকারের অস্ট্রেলিয়ান বলতে যা বোঝায় সে ছিল তা-ই; হিংস্র ও লড়াকু। সে সব সময়ই জোরে বল করতে চাইত এবং অন্যসব ফাস্ট বোলারের মতোই চোট ছিল তার নিত্যসঙ্গী। আমরা ভালো বন্ধু ছিলাম। সিডনিতে তার সঙ্গে বেশ ভালো কিছু দিন কাটিয়েছি। যখনই যেখানে দেখা হয়েছে তাকে উৎফুল্লই দেখেছি। তার জন্য শুভকামনা রইল।’