লিখিত প্রতিশ্রুতি চায় পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি সভাপতি যতই আশাবাদী হোন না কেন, বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলতে দেওয়ার ব্যাপারে আরও একবার নেতিবাচক মনোভাবই দেখিয়েছেন পিসিবি সভাপতি জাকা আশরাফ। বলেছেন, বিপিএলে খেলার জন্য পাকিস্তানের খেলোয়াড়দের অনুমতি দিতেই হবে, এমন কোনো নৈতিক বাধ্যবাধকতা নেই পিসিবির।‘বিসিবি দ্বিতীয়বারের মতো দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় এখন আর আমাদের নৈতিক কোনো বাধ্যবাধকতা নেই। খেলোয়াড়দের ওপর থাকা অন্যান্য খেলার চাপ এবং প্রতিশ্রুতির কথা মাথায় রেখেই আমরা যা করার করব’—করাচিতে বলেছেন জাকা আশরাফ। এই ইঙ্গিতও দিয়েছেন, বিসিবি পাকিস্তান সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেই শুধু বিপিএলের ব্যাপারে অবস্থান বদলাতে পারে পিসিবি, ‘বিসিবি যদি কোনো প্রতিশ্রুতি দেয়, তাহলে আমরা এটা নিয়ে ভাবতে পারি।’সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির একটি সূত্র নাকি এও নিশ্চিত করেছে, দুই বোর্ডের মধ্যে লিখিত চুক্তি হলেই কেবল পাকিস্তানের খেলোয়াড়দের বিপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হবে। সেই চুক্তিতে শুধু বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিষয়টি উল্লেখ থাকলেই হবে না, থাকতে হবে আগামী মার্চে অনুষ্ঠেয় পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়কে খেলতে দেওয়ার বাধ্যবাধকতাও। এ ব্যাপারে আগামী কয়েক দিনের মধ্যেই পিসিবিকে বিসিবির কিছু একটা জানানোর কথা আছে বলে জানিয়েছে ওই সূত্র। ১৭ জানুয়ারি উদ্বোধন হতে যাওয়া বিপিএলের দ্বিতীয় আসরে শহীদ আফ্রিদিসহ অন্তত ২১ জন পাকিস্তানি খেলোয়াড়ের খেলার কথা।ওদিকে পিসিবির আরেকটি সূত্র নাকি জানিয়েছে, ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল না পাঠালেও দুই দেশেরই শীর্ষ কয়েকজন খেলোয়াড় নাকি পিএসএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ওয়েবসাইট।