লিগ কমিটির বাইলজ-নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের দলবদল শুরুর আগেই লিগের যাবতীয় নিয়মকানুন চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। এটাই প্রথা। কিন্তু বাফুফের লিগ কমিটি হাঁটছে উল্টো পথে। তারা আসন্ন সপ্তম পেশাদার লিগের বাইলজই এখনো ঠিক করতে পারেনি। যে কারণে গত ১৬ আগষ্ট ফুটবলারদের দলবদল শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেছে। কথা ছিল, গতকাল লিগ কমিটির সভায় বাইলজ চূড়ান্ত করে দলবদল শুরুর নতুন তারিখ দেওয়া হবে। কিন্তু কোথায় কী! খাড়াবড়ি থোড় থোড়বড়ি খাড়ার মতো ব্যাপার ঘটল। সভাটা মুলতবি হয়েছে, এটি নাকি হবে শনিবার। ওই দিন লিগের বাইলজে কিছু যোগ-বিয়োগ করে অনুমোদন হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। পরদিন তা অনুমোদন করিয়ে নেওয়া হবে বাফুফের নির্বাহী কমিটির সভায়। সভা শেষে বেশ ঘটা করে সংবাদমাধ্যমের সামনে এসে লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানালেন, দলবদলের আগে দুই ক্লাব থেকে টাকা নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর শাস্তি রাখা হবে আগামী মৌসুমের বাইলজে। এবার কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে শনিবার। তাঁর কথায় বোঝা গেল, বাইলজে দুই ক্লাব থেকে টাকা নেওয়ায় খেলোয়াড়দের জন্য কোনো শাস্তি নির্দিষ্ট না থাকায় এবার নমনীয় থাকবে বাফুফে। বর্তমান বাইলজে আছে, বাফুফের দেওয়া ফরম পূরণ করে খেলোয়াড় যে ক্লাবের হাতে দেবেন, ওই খেলোয়াড় হবেন সেই ক্লাবেরই।এবার দুই ক্লাবের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত ৪-৫ জন খেলোয়াড়। নিয়ম অনুযায়ী দলবদল শুরুর আগে কোনো খেলোয়াড়কেই কোনো ক্লাব টাকা দিতে পারে না, কিন্তু ক্লাব টাকা দিচ্ছে। তাই ক্লাবও অপরাধী। এটা স্বীকার করে সালাম মুর্শেদী বললেন, দলবদলের আগে টাকা নিয়ে খেলোয়াড় যেমন অন্যায় করছে, তেমনি ক্লাবও সমান দোষে দোষী। এসব ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি। মোহামেডানের দাবি চারজন খেলোয়াড় (জাহিদ, শাকিল, মামুন মিয়া ও নাহিদ) তাঁদের কাছ থেকে কয়েক মাস আগে ১০ লাখ করে টাকা নিয়ে শেখ রাসেলের কাছ থেকেও তাঁরা টাকা নিয়েছেন। এখন ওই চার খেলোয়াড় নাকি শেখ রাসেলে সই করবেন। আর এটা নিয়েই রশি টানাটানি চলছে মোহামেডান-রাসেলের মধ্যে।কাল তো লিগ কমিটির সভার সময় বাফুফে ভবনে দেখা গেল একদল অচেনা তরুণকে। তাঁরা কারা? অনেকে বলছিলেন, ওই চার খেলোয়াড়কে পেতে শেখ রাসেল শক্তি প্রদর্শন করতে তাঁদের এনেছে। এ ব্যাপারে শেখ রাসেল ক্লাবের সভাপতি নুরুল আলম চৌদুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি মিটিংযে ছিলাম না, তাই কিছু বলতে পারছি না।’চ্যাম্পিয়নশিপ লিগেও তিন রাউন্ড: পেশাদার লিগের মতো এর দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগেও এবার তিন রাউন্ড খেলা হবে। মানে প্রতি দল একে অন্যের সঙ্গে তিনবার করে খেলবে। এতে দুটি লিগেই এবার ম্যাচ বাড়ছে।