লিগ কাপে সিটির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৪ মিনিটেই তিনটি গোল করে বসল ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার কেউ তখনো গোলের খাতা খোলেনি। তার পরও সিটিই ম্যাচটা হেরে বসল ৪-২ গোলে! অবাক হতে পারেন। যে দল তিনটি গোল করে, সেই দলই ৪-২-এ কীভাবে হারে? সিটির হারের কারণ, ২৭ মিনিটে মারিও বালোতেল্লি ও ৬৪ মিনিটে আলেক্সান্ডার কোলারভের গোল দুটির মাঝখানে ৫৯ মিনিটে গ্যারেথ ব্যারি একটা গোল দিয়েছেন নিজেদের জালে। আত্মঘাতী সেই গোলে ২-১। ৭০ মিনিটে ২-২ করে ফেলল ভিলা। টুর্নামেন্টটি যেহেতু নকআউট, নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে। তাতে আরও ২ গোল করে সিটিকে তৃতীয় রাউন্ডে বিদায় জানাল ভিলা। গতবার লিগ কাপের নাম ছিল কার্লিং কাপ। এবার নতুন স্পনসরের নামে নাম হয়েছে ক্যাপিটাল ওয়ান কাপ। খুব একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নয়। সাধারণত ইংলিশ ফুটবলের পরাশক্তিরা দ্বিতীয় একাদশই নামায় এই টুর্নামেন্টের শুরুর দিকে। কিন্তু তার পরও সিটির এই পরাজয় তাদের জন্য ধাক্কা। গতবারের লিগ চ্যাম্পিয়নদের এবারের শুরুটা একেবারেই ভালো হয়নি। লিগে ৫ ম্যাচের তিনটিতেই ড্র করে পয়েন্ট টেবিলের সাতে পড়ে আছে। জিততে জিততেও হেরে গেছে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে। এর পর লিগ কাপে নিজেদের মাঠেই অ্যাস্টন ভিলার কাছে এই পরাজয়!পরশু বাকি সব বড় দলই অবশ্য জিতেছে। সবচেয়ে বড় জয় চেলসির। জাতীয় দল থেকে সদ্য অবসর নেওয়া অধিনায়ক জন টেরিকে তারা শুভেচ্ছা জানিয়েছে উলভারহ্যাম্পটনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে। অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে এফএর শৃঙ্খলাবিধির শুনানির দ্বিতীয় দিনে হাজিরা দেওয়ার কয়েক ঘণ্টা পরই মাঠে নেমেছিলেন টেরি। নানামুখী চাপে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টেনে দেওয়া এই ইংলিশ ডিফেন্ডারের পাশে যে পুরো দল, সেটা বোঝাতেই হয়তো উজ্জীবিত রবার্তো ডি মাত্তেওর দল আধডজন গোল করে বসল। ছয়টি গোল করেছেন ভিন্ন ছয়জন। গোলদাতা তালিকায় নাম আছে ফার্নান্দো তোরেসেরও।ডি মাত্তেওর আনন্দের রাতে তাঁরই স্বদেশি রবার্তো মানচিনির রাতটা ঢাকা পড়েছে হতাশায়। দলের পরাজয়ের সঙ্গে মানচিনির সঙ্গী হয়েছে ভিলা কোচ পল ল্যাম্পার্টের সঙ্গে বাদানুবাদ। এর আগেও অ্যালেক্স ফার্গুসন, ডেভিড ময়েস, টনি পুলিস আর মার্ক হিউজের সঙ্গে টাচ লাইনে ঝামেলা বেধেছিল তাঁর। মাঠের বাইরেও এই দুই দিন আগে আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে কথার লড়াই হয়েছে। যদিও মানচিনির দাবি, প্রতিপক্ষ কোচরা ‘অজানা’ কারণে তাঁকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। এএফপি, রয়টার্স।