লিগ কাপের দুঃস্বপ্ন ভুলল আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা গত ৩১ অক্টোবরের। রিডিংয়ের মাঠ মাজেস্কি স্টেডিয়ামে ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প লিখেছিল আর্সেনাল। লিগ কাপের সেই ম্যাচে ৪-০ গোলে পিছিয়ে পড়েও আর্সেন ওয়েঙ্গারের দল জিতেছিল ৭-৫ গোলে। দেড় মাসের ব্যবধানে সেই মাজেস্কি স্টেডিয়ামেই আর্সেনালকে পরশু পেয়েছিল রিডিং। কিন্তু প্রতিশোধ নিতে পারল না। উল্টো রিডিংকে এবার সান্তি কাজোরলার হ্যাটট্রিকে সহজেই হারাল আর্সেনাল (৫-২)। এই জয় দিয়ে গত সপ্তাহে লিগ কাপ ব্যর্থতার জ্বালা জুড়াল আর্সেনাল।অক্টোবরে যারা লিখেছিল অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প, সেই আর্সেনালই গত সপ্তাহে জন্ম দেয় ক্লাব ইতিহাসের অন্যতম অবমাননাকর পরাজয়ের ইতিহাস। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে হেরে যায় চতুর্থ বিভাগের দল ব্র্যাডফোর্ডের কাছে। ওই তিক্ততা পেছনে ফেলতে পরশু জয়টা খুব দরকার ছিল আর্সেনালের। ওয়েঙ্গারের শিষ্যরা তাই শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েন পয়েন্ট তালিকার তলানির দল রিডিংয়ের ওপর।আর্সেনালের জয়ক্ষুধার কাছে দুর্বল রিডিংয়ের রক্ষণভাগ ছিল বেশ দুর্বল। ১৪ মিনিটেই গার্নারদের এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার লুকাস পোডোলস্কি। ৩২ ও ৩৪ মিনিটে কাজোরলার দুই গোলে প্রথমার্ধেই আর্সেনাল করে ফেলল ৩-০। ৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কাজোরলা। ২৮ বছর বয়সী উইঙ্গারের পেশাদার ক্যারিয়ারে এটা প্রথম হ্যাটট্রিক। আর্সেনাল এগিয়ে যায় ৪-০-তে। এরপর যেন ফিরে আসে ৩১ অক্টোবরের স্মৃতি! ৬৬ ও ৭১ দুই গোল করে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েও পারেনি রিডিং। উল্টো ৮০ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দিয়ে রিডিংয়ের প্রত্যাবর্তনের আশায় জল ঢেলেছেন থিও ওয়ালকট।এই জয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এল আর্সেনাল (১৭ ম্যাচে ২৭ পয়েন্ট)। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এখনো ১৫ পয়েন্ট পেছনে! আর্সেনালের লিগ জয়ের আশা বলতে গেলে শেষই। এএফপি, রয়টার্স