লিগ জেতার আশা এখনো আছে বার্সার!

পয়েন্ট টেবিলের তলানির দল গেটাফের সঙ্গে নিজেদের মাঠে শেষ মুহূর্তের গোলে ড্র করে বসা। হারিয়ে ফেলা হীরার চেয়েও দামি দুটো পয়েন্ট। ওই ম্যাচের পর খোদ বার্সেলোনার পাঁড়ভক্তটিও নিশ্চয়ই আর লিগ শিরোপা ধরে রাখার আশা করে না। কিন্তু কাতালানদের আশা নাকি এখনো শেষ হয়ে যায়নি। আর কেউ নয়, এবারের শিরোপার মূল দাবিদার অ্যাটলেটিকোর গ্যাবিই দাবি করছেন এমনটা। এই মিডফিল্ডার বলছেন, বার্সাকে এখনই বাতিলের খাতায় ফেলে দেওয়া চলবে না।
আসলে বার্সার প্রতি ভালোবাসা থেকে নয়, গ্যাবি এমনটা বলছেন সতীর্থদের সাবধানি হতে। গত ম্যাচে বার্সার ড্রয়ের পর অ্যাটলেটিকোও হুট করে লেভান্তের কাছে ২-০ গোলে হেরে বসে। এমনকি রিয়াল মাদ্রিদও হারতে হারতে যোগ করা সময়ে গোল করে ড্র করেছে। লা লিগা শেষের অঙ্কে আরও কোনো নাটক জমিয়ে রেখেছে কি না, কে জানে!
গ্যাবি তাই বলছেন, নিজেদের কাজটা ঠিকঠাকমতো করাটাই এখন সবচেয়ে জরুরি, ‘আমরা এখন এমন সুবিধাজনক অবস্থায় আছি যে সব কিছু আমাদের ওপরই নির্ভর করছে। মালাগার বিপক্ষে জেতার পর বার্সেলোনায় গিয়ে আমরা মৌসুমের শেষটা টানতে পারি। বার্সাও কিন্তু নিজেদের শেষ দুটো ম্যাচ জেতার জন্য মরিয়া চেষ্টা করবে।’
রিয়াল বাকি তিন ম্যাচের একটাতেও যদি ড্র করে, তখন শেষ দুটো ম্যাচ জিতলেই বার্সা চ্যাম্পিয়ন। রোববার বার্সার ম্যাচ আছে ১৪ নম্বর দল এলচের সঙ্গে। আর ১৮ মে লিগের শেষ ম্যাচটা অ্যাটলেটিকোর সঙ্গেই। অ্যাটলেটিকো রোববার মালাগার বিপক্ষে জিতলেও শেষ ম্যাচে বার্সার কাছে হারলে তাদের পয়েন্ট হবে ৯১। শেষ দুটো ম্যাচ জিতলে বার্সার পয়েন্টও হবে ৯১। বাকি ৯ পয়েন্ট থেকে রিয়াল ড্রয়ের কারণে দুটো পয়েন্ট হারালে তাদের মোট পয়েন্ট হবে ৯০। অ্যাটলেটিকো-বার্সার পয়েন্ট সমান হলেও দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবে তখন চ্যাম্পিয়ন বার্সা।
হিসাবটা যত সহজে করা গেল, মাঠে কাজটা তত সহজ হবে না নিশ্চয়ই। তবে বার্সার আশা হয়ে টিকে আছে রিয়ালের আগামী দুই প্রতিপক্ষ। আজ রাতে ভ্যালাদোলিদের সঙ্গে ম্যাচটা পার হলে রিয়ালকে খেলতে হবে সেল্টা ভিগো ও এসপানিয়লের বিপক্ষে। দুটোই রিয়ালের জন্য কঠিন প্রতিপক্ষ।
গ্যাবি তাই বলছেন, এখনো বার্সার আশা আছে, ‘বার্সা খেলোয়াড়েরা তাদের পেশাদারি আগেও দেখিয়েছে। আমরা এখন যে অবস্থায় আছি, পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার পরও আমি বলব ওরা এখনো লা লিগার দাবিদার। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একমাত্র উপায় হলো এই রোববারের ম্যাচটা জিতে বার্সার বিপক্ষে শেষ ম্যাচটায় কমপক্ষে এক পয়েন্ট পাওয়া।’