লিগ নিয়ে বাফুফের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন সালাম মুর্শেদী বলেছেন, ক্লাবগুলো খেলতে চায় না বলে জমে ওঠা প্রিমিয়ার ফুটবল লিগ স্থগিত করা হয়েছে। বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি ও বাংলাদেশ লিগ কমিটির প্রধানের বক্তব্য সঠিক ধরে নিলে বলতে হয়, ক্লাবগুলোর কাছে জিস্মি হয়ে আছে বাংলাদেশের ফুটবল। কিন্তু আদতে কাহিনি ভিন্ন। নেপালে এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের জন্য ১২-২৬ জুন লিগ স্থগিত করার ব্যাপারটা নিয়ে লিগ কমিটি নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সব ক্লাবের ওপর।কাল সে রকম দাবিই করলেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান, ‘লিগ ফের স্থগিত করার খবর আমরা সকালে কাগজে পড়ে জানলাম। আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এটা বিস্ময়কর।’ আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) দিলেন আরও চমকপ্রদ তথ্য, ‘লিগ নিয়ে আগামীকাল (আজ) ক্লাবগুলোর সঙ্গে মিটিং ডেকেছে ফেডারেশন। সেখানেই বোধহয় আলোচনা হবে। তবে এখনো লিগ স্থগিত করার কোনো তথ্য আমরা পাইনি।’লিগ স্থগিত করে তারপর সভা কেন, সেটা একটা ধাঁধাই। সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা হয়, এখানে হচ্ছে উল্টো। অনূর্ধ্ব-২২ দলের খেলার জন্য লিগ বন্ধ করা তো আরও বড় বিস্ময়। ১১ দলের মধ্যে ফরাশগঞ্জ ও শেখ রাসেলই শুধু চিঠি দিয়ে লিগ স্থগিত রাখতে অনুরোধ করেছিল। বাকি নয় ক্লাবের মনোভাব জানার চেষ্টা করেনি বাফুফে। রুপু বললেন, ‘আমাদের চারজন খেলোয়াড় অনূর্ধ্ব-২২ দলে আছে। এর মধ্যে শুধু গোলরক্ষক সোহেলের বদলে বিদেশি গোলরক্ষক খেলানোর অনুমতি দিলে আমাদের খেলতে অসুবিধা নেই। খেলব না, এমন কথা আমরা বলিনি।’মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার কণ্ঠেও বিস্ময়, ‘লিগ বন্ধ করে আলোচনায় ডাকা হাস্যকর। লিগ বন্ধ করার ব্যাপারে তারা আমাদের কোনো মতামত নেয়নি। আমরা লিগ চালু রাখতে বলেছি। নইলে অবশ্যই বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে।’শুধু ক্লাবের ক্ষতি পূরণ দেওয়া না-দেওয়ার প্রশ্ন নয়, এভাবে বারবার খেলা বন্ধ করে লিগটার আকর্ষণই শেষ করে দেওয়া হচ্ছে!