লিগ নিয়ে বাফুফের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনৈতিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এরই জেরে আসন্ন ঘরোয়া ফুটবল লিগ ঠিকঠাক মাঠে গড়াবে কি না, তা নিয়ে ভালোই শঙ্কায় আছে বাফুফে ও ক্লাবগুলো।
অন্যতম শীর্ষ ক্লাব মোহামেডানের এক কর্মকর্তা কাল বলছিলেন, ২৭ ডিসেম্বর লিগ শুরুর তারিখ থাকলেও তাঁরা পেছাতে চান। কেননা হরতাল-অবরোধে খেলা কীভাবে হবে, এটা এখন গোটা ফুটবলেরই দুশ্চিন্তা। এর আগে শেখ রাসেল লিগ পেছানো সম্ভব কি না, তা মৌখিকভাবে জানতে চেয়েছে বাফুফের কাছে।
হরতাল-অবরোধের মধ্যেই অবশ্য ফেডারেশন কাপ শেষ হয়েছে কদিন আগে। বাফুফে খেলা বন্ধ করেনি। শুধু এক দিন অবরোধের জন্য খেলা পেছানো হয়। এবার লিগ নিয়েও বাফুফে সামনে এগোতে চায়।
কিন্তু বাস্তবতাকে অস্বীকার করা যায় না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম বললেন, ‘হরতাল-অবরোধ চলতেই থাকলে লিগের সূচিতে সমস্যা হতেই পারে। তার পরও আমরা খেলা না পিছিয়ে চালিয়ে নেওয়ার পক্ষে।’
এমনিতেই এবার লিগ শুরু হচ্ছে বেশ দেরিতে। তার ওপর পেশাদার লিগটা এই প্রথম হবে তিন পর্বে, মানে ১০ দলের লিগে প্রতি দল খেলবে ২৭টি করে ম্যাচ। দীর্ঘ একটা যাত্রাই। সে লক্ষ্যে এখন শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। কিন্তু মাথার ওপর জেঁকে বসেছে, অনিশ্চয়তার দোলাচল।
এই প্রতিকূল সময়ে সবচেয়ে চাপে আছে শেখ রাসেল ক্রীড়াচক্র। গতবারের ট্রেবলজয়ীরা এরই মধ্যে হারিয়ে ফেলেছে ফেডারেশন কাপ। তবে যে করেই হোক লিগ শিরোপা ধরে রাখতে চায় দলটি। শেখ রাসেলের কোচ মারুফুল হক বললেন, ‘ফেডারেশন কাপে আমরা নিজেদের তুলে ধরতে পারিনি। দলে ভালো ফিনিশার ছিল না। আশা করছি, লিগে এই সমস্যা থেকে মুক্ত থাকব আমরা।’
ফেডারেশন কাপজয়ী শেখ জামালের চোখ এখন লিগে। দুই মৌসুম পর লিগ জয়ের স্বাদ আবারও পেতে চায় জামাল। এই যাত্রার নেপথ্য কান্ডারি কোচ যোসেফ আপুসির কথা, ‘সব শিরোপাই আমরা ঘরে তুলব, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমাদের চোখ এখন তাই লিগে।’
আবাহনী-মোহামেডানের দিনকাল ভালো যাচ্ছে না। আগামীকাল আসছেন আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি। দলের ম্যানেজার সত্যজিৎ দাস আশাবাদী, নতুন উদ্দীপনায় লিগ শুরু করবে আবাহনী।
মোহামেডান এখনো কোচ-সমস্যায় ভুগছে। একজন ডাচ এবং একজন পর্তুগিজ কোচের সঙ্গে আলোচনা চলছে দলটির। দলের সহকারী কোচ জুয়েল রানা বললেন, ‘লিগের ভুল শুধরে নতুনভাবে শুরু করার প্রস্তুতি নিচ্ছি আমরা।’ চার বড় দলের পাশে রাখতে হচ্ছে ফেডারেশন কাপের রানার্সআপ মুক্তিযোদ্ধাকেও। তারাও লিগ লড়াইয়ে অবতীর্ণ হয়ে চমক দিতে চায়।
তবে সবকিছুর আগে দুশ্চিন্তার নাম দেশের রাজনৈতিক অস্থিরতা, যেটির কালো ছায়া না লিগের যাত্রাপথকে করে তোলে কণ্টকাকীর্ণ!