লিগ বর্জনের হুমকি ঊষার
প্রিমিয়ার হকি লিগে খেলতে গতকাল ঢাকায় এসেছেন আবাহনীর তিন পাকিস্তানি খেলোয়াড়—কাসিফ আলী, আমির শেহজাদ ও মোহাম্মদ তওসিফ। আগামীকাল আসবেন মোহাম্মদ হাসিম খান। ভারতীয় খেলোয়াড়েরা ভিসা জটিলতায় আসতে পারবেন না, এটা জানার পর ঊষা ক্রীড়া চক্র পাকিস্তানিদের দিকে হাত বাড়িয়েছিল। কিন্তু ভিসা জটিলতায় আটকে গেছেন চার পাকিস্তানি শাফকাত রসুল, ইমরান বাট, সৈয়দ কাসিফ ও নেওয়াজ আশফাক। ষড়যন্ত্র করে এসব খেলোয়াড়কে ঢাকায় আসতে বাধা দেওয়া হচ্ছে—কাল এমনটাই দাবি করলেন ঊষার কর্মকর্তা রফিকুল ইসলাম কামাল। তবে কারা ষড়যন্ত্রটা করছেন, সেটা স্পষ্ট করেননি।
রফিকুল ইসলাম লিগ বর্জনেরও হুমকি দেন, ‘আমাদের খেলোয়াড়েরা ভিসার জন্য আবেদন করার পর তাদের পাসপোর্ট রেখে দেওয়া হয়েছে। করাচির বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারির আগে ভিসা দেওয়া যাবে না। যদি ওই খেলোয়াড়েরা না আসতে পারে, আমরা লিগ স্থগিতের দাবি জানাব। এ জন্য ফেডারেশনে চিঠিও দিয়েছি। ওরা না এলে খেলাও বর্জন করতে পারি।’ প্রিমিয়ার লিগে ঊষা ও আবাহনীর ম্যাচ ৩ ফেব্রুয়ারি।
এদিকে হকি লিগে কাল জিতেছে আবাহনী ও অ্যাজাক্স। প্রথম ম্যাচে আবাহনী ২-১ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। অন্য ম্যাচে অ্যাজাক্স ৪-০ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে।