লিগ-ব্যালন ডি’অর দুটোই চাই মেসির!
সাফল্যের অনিঃশেষ ক্ষুধা নিয়ে জন্মেছেন। জন্মেছেন বলেই প্রতি মুহূর্তে নিজেকে আরও একটু ওপরে তুলে ধরার নিরন্তর চেষ্টা করেন। টানা চারটি ব্যালন ডি’অর জিতেও তাই ক্ষুধা মেটেনি লিওনেল মেসির। পাঁচ নম্বরটিও তাঁর চাই। তবে শুধু ব্যক্তিগত এই অর্জনেই তৃপ্ত নন। মেসি চাইছেন দলীয় শিরোপাও। বার্সেলোনার অনেকেই নাকি লিগ শিরোপাটা হাতের মুঠোয় দেখতেই পাচ্ছে। তবে মেসি বলছেন, আত্মতৃপ্তির চোরাবালিতে পা দিলেই সর্বনাশ!ব্যালন ডি’অর আগে যে সাময়িকীর পক্ষ থেকে দেওয়া হতো সেই ফ্রান্স ফুটবলকে মেসি বলেছেন, ‘আরেকটা ব্যালন ডি’অর জিতব আশা করি। তবে আপাতত আমাকে এ মুহূর্তটা উপভোগ করতে দিন। এ ব্যাপার নিয়ে কয়েক মাস পরে ভেবে দেখা যাবে।’ ২০১২ সালটি ছিল তাঁর জন্য সুফলা এক বছর। এ বছর ৯১টি গোল করেছেন। মেসি যদিও বহুবার বলছেন, প্রতিটি মৌসুমেই তিনি আগের মেসিকে ছাড়িয়ে যেতে চান, কিন্তু এবার স্বীকার করে নিলেন, এক বছরে এতগুলো গোল করা সত্যিই কঠিন, ‘আমি আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টাই করি সব সময়। তবে এটা খুব কঠিন। প্রতিবছর ৯১টি করে গোল করার লক্ষ্য স্থির করব কি না এটা নিয়ে আমি আসলে নিশ্চিত নই।’বাড়ির ট্রফিকেসে সাজিয়ে রেখেছেন এবারের ট্রফিটা। পাশাপাশি চারটি সোনারঙা ধাতব বল। চারটি ব্যালন ডি’অরের কোনটি সবচেয়ে প্রিয় তাঁর? মেসির উত্তর, ‘প্রতিটি ব্যালন ডি’অর অবশ্যই একই আবেগের জন্ম দেয় না, তবে প্রতিটির সঙ্গেই গভীর আবেগ জড়িত। প্রতিটিই আমাকে অনেক আনন্দ দিয়েছে। প্রথমটা, যেবার প্যারিসে জিতলাম (তখনো ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর একীভূত হয়নি), সেটার অনুভূতি ছিল অনন্য। দ্বিতীয়টা যে জিতব, সেটা আশাই করিনি। তৃতীয়টা জিতে মিশেল প্লাতিনি ও ইয়োহান ক্রুইফকে ছোঁয়াটি ছিল বিরাট সম্মানের।’ব্যক্তিগত-দলীয় অর্জন মিলিয়ে সাফল্যের পাল্লাটা এই ২৫ বছর বয়সেই অনেক ভারী করে ফেলেছেন। সব ট্রফি মিলিয়ে মেসিকে সবচেয়ে আনন্দ দেয় কোনটি? এবার দলীয় একটি অর্জনের কথাই বললেন বার্সার আর্জেন্টাইন জাদুকর, ‘চোখ বন্ধ করে নিজের ক্যারিয়ারের অর্জনগুলো যখন ভাবতে বসি, প্রথমেই যে ছবিটা ভেবে ওঠে মনের পর্দায়—২০০৯ সালের রোম। (চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে) হেডে করা আমার সেই গোল, সবাই মিলে পাওয়া বিশাল সেই আনন্দ। আমার ভেঙে ফেলা অন্য সব রেকর্ডও অবশ্যই স্মরণীয়। তবে এটাই (হেডটা) আমি স্বপ্নে দেখতে চাই।’এত বড় তারকার আড়ালে একটা ছেলেমানুষ যে লুকিয়ে আছে, সেটাও বোঝা যায়। মেসি নির্দ্বিধায় স্বীকার করেছেন, এখনো অনেকের সামনে মঞ্চে দাঁড়িয়ে কিছু বলতে গেলে ঠিকমতো গুছিয়ে উঠতে পারেন না। এবারের ব্যালন ডি’অরেও বক্তব্য দিতে গিয়ে যা বলতে চেয়েছিলেন, সবটা বলা হয়নি। এ নিয়ে আক্ষেপও আছে তাঁর, ‘আসলে ঠিকমতো প্রস্তুতি নিয়ে কিছু বলতে পারিনি। টিটো আর আবিদালের কথা উল্লেখ না করা আমার উচিত হয়নি। ক্রিস্টিয়ানোকেও (রোনালদো) অভিনন্দন জানানো উচিত ছিল।’এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সতীর্থদের একটু সতর্কও করেছেন। রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে সুবিধাজনক অবস্থায় থাকার পরও মেসি বলছেন, ‘লিগ এখনো শেষ হয়নি। আগে মাদ্রিদও কিন্তু এমন লিড নিয়েছিল। আমরা তাই ভালো করেই জানি, সব জিতে ফেলেছি এমনটা ভাবলে চলবে না। আমাদের ভুল করা আর গা এলিয়ে দেওয়ার সুযোগ নেই।’ এএফপি, ওয়েবসাইট।