লিগ হয় না, ১৭ গোল খাওয়াই তো স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপে বাংলাদেশের হকি খেলোয়াড়েরা ছিলেন অসহায়। ছবি: শামসুল হক
এশিয়া কাপে বাংলাদেশের হকি খেলোয়াড়েরা ছিলেন অসহায়। ছবি: শামসুল হক

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বাইরে সেদিন এশিয়া কাপ উপলক্ষে সাজসাজ রব। আর কিছুক্ষণ পরই পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপ হকির। স্টেডিয়ামের বাইরে এক পথচারীর এন্তার প্রশ্ন শুনে চোখ ঘোরাতে হলো সেদিকে। তিনি তাঁর সঙ্গে থাকা একজনকে বলছেন, ‘এশিয়া কাপ হকি হচ্ছে ঢাকায়? কারা আসছে? সবাই জাতীয় দল পাঠিয়েছে? বলেন কি! বাংলাদেশ খেলবে? বাংলাদেশের জাতীয় হকি দল আছে নাকি! এ দেশে হকি খেলা হয়? কই রাস্তাঘাটে তো কাউকে খেলতে দেখি না!’
দেশের হকি সম্পর্কে ভদ্রলোকের অজ্ঞতা দেখে বেশ বিরক্তই হতে হলো। বলেন কী এই লোক! এ দেশের হকি না হলে এত বড় স্টেডিয়াম আছে কেন! হকিই যদি না থাকে, তাহলে এশিয়া কাপের মতো বড় প্রতিযোগিতা বাংলাদেশে কেন হচ্ছে? আর জাতীয় দলই যদি না থাকে, তাহলে এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতায় বাংলাদেশ কীভাবে খেলার সুযোগ পাচ্ছে?
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি যখন চলছিল, তখন সেই ভদ্রলোকের কথা আবার মনে পড়ল। তিনি হয়তো সব কথা ঠিক বলেননি, কিন্তু তাঁর কথাগুলোর পেছনে যে একধরনের চাপা অভিমান কাজ করছে, সেটি বোঝা গেল। হয়তো সেই মানুষটি একসময় হকির খুব বড় ভক্ত ছিলেন, কিংবা নিজে একসময় হকি খেলতেন। এখন অভিমান করেই হকির দিক দিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছেন। যে দেশের জাতীয় দল থেকে শুরু করে প্রতিটি ক্লাবের ‘সাপ্লাই লাইন’ এক, সে দেশের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে যে যথেষ্ট দুর্বল হবে, সেটা বলে দেওয়াই যায়।
পাকিস্তানই কেবল নয়, পরের দুটি ম্যাচে ভারত ও জাপানের বিপক্ষে সেই ব্যাপারটি প্রকট হয়েই চোখে পড়ল। আধুনিক হকির সঙ্গে তাল মেলাতে না পারা এক দল খেলোয়াড়ের খেলা দেশের মানুষ দেখল। এই খেলোয়াড়েরা না পারেন ভালো স্টিকে বল ঠেকিয়ে প্রতিপক্ষের সীমানার দিকে ছুটে যেতে, না পারেন স্টিকে বল আটকে নিজেদের মধ্যে বল আদান-প্রদান করতে। প্রতিপক্ষের ফরোয়ার্ড নিজেদের সীমানায় প্রবেশ করলেই এলোমেলো হয়ে যায় তাঁদের সবকিছু। পাকিস্তান ও ভারতের বিপক্ষে বারবার এ ব্যাপারটিই চোখে পড়েছে। প্রথম দুই ম্যাচে ১৪ গোল খেয়েই বাংলাদেশ হকি দল এশিয়া কাপ নিয়ে মানুষের আগ্রহের যবনিকা টেনে দিয়েছে। জাপানের বিপক্ষে একটু প্রতিদ্বন্দ্বিতা গড়লেও শেষ পর্যন্ত ৩-১ গোলের হারই সঙ্গী হয়েছে বাংলাদেশের।
কেবল খেলোয়াড়দের দোষ দেওয়াটা বোধ হয় বেশ অন্যায়ই হয়ে যাচ্ছে। তাঁদের আর কী দোষ! খেলোয়াড়েরা তো নিজেদের সাধ্যমতোই চেষ্টা করে গেছেন। সামর্থ্যই যদি না থাকে, তাহলে কীভাবে ভারত-পাকিস্তান-মালয়েশিয়া-দক্ষিণ কোরিয়ার মতো বিশ্বমানের দলগুলোর সঙ্গে তাঁরা খেলবেন?
খেলোয়াড়দের দোষ দেওয়ার আগে একটু খতিয়ে দেখা যাক, এ দেশে হকিটা কীভাবে চলে! বেশ কয়েক বছর ধরে হকি কিন্তু দেশের শীর্ষ দৈনিকগুলোর পাতায় প্রায় প্রতিদিনই ‘গুরুত্বপূর্ণ আইটেম’ হিসেবে বিবেচিত। খেলার চেয়েও হকি আইটেম হয়, হকি কর্তাদের কাদা ছোড়াছুড়ি আর দ্বন্দ্বের বিষয়ে। হকি ফেডারেশনের নির্বাচন নিয়ে তুঘলকি কাণ্ড চলে দিনের পর দিন। চেয়ার দখলের অসুস্থ প্রতিযোগিতায় ঘরোয়া প্রতিযোগিতা থাকে দিনের পর দিন বন্ধ। একটি তথ্য শুনলে যেকোনো ক্রীড়াপ্রেমীই আঁতকে উঠবেন। ঘরোয়া প্রতিযোগিতাকে যেখানে যেকোনো খেলারই ‘আঁতুড়ঘর’ বলা হয়, সেখানে গত ৫ বছরে বাংলাদেশের হকির ঘরোয়া লিগ হয়েছে মাত্র ২টি। একটি হয়েছে সংগঠকদের দ্বন্দ্বের মুখে বেশির ভাগ গুরুত্বপূর্ণ ক্লাব লিগ বয়কট করার মুখে, মাত্র ৭টি দল নিয়ে। হ্যাঁ, মাত্র ৭টি ক্লাব নিয়ে ঘরোয়া লিগ। আশ্চর্য হচ্ছেন? অবাক হওয়ার এখনো বাকি আছে। পরবর্তী সময়ে সব দল নিয়ে আয়োজিত লিগের মধ্যে বিরতি ছিল ২৭ মাস। আরেকটি তথ্য জানিয়ে দিই, দেশে সবশেষ ঘরোয়া হকি লিগ হয়েছে ১৮ মাস আগে।
এ তথ্যগুলো জানার পর খেলোয়াড়দের প্রতি সব রাগ-ক্ষোভ কর্পূরের মতো উবে যাওয়ার কথা। আন্তর্জাতিক ম্যাচে বছরে আর কতটি হয়? ঘরোয়া লিগ দিয়েই তো খেলোয়াড়েরা নিজেদের গড়ে তুলবেন; ভুল-ত্রুটি শোধরাবেন, কিন্তু বাংলাদেশে সে সুযোগ কই!
লিগের জন্য খেলোয়াড়দের নামতে হয় আন্দোলনে। লিগকে কেন্দ্র করে কর্মকর্তাদের নির্বাচনের ঘুঁটি হিসেবেও ব্যবহৃত হন খেলোয়াড়েরা। ভালো দল থাকে তিন-চারটি। যারা অন্য দলগুলোর বিপক্ষে মেতে উঠে গোল উৎসবে। শেষ লিগে রেলওয়ের জালে ১৯ গোল দিয়েছিল মোহামেডান। এই একটি ম্যাচের মাধ্যমেই বোঝা যায় লিগের চিত্রটা।
লিগের কথা বাদ দিন। হকি খেলোয়াড় তৈরির কী কী ব্যবস্থা আছে বাংলাদেশে? স্কুল হকি বলে একটা ব্যাপার অবশ্য আছে, কিন্তু সেটাও নামকাওয়াস্তে। সেখান থেকে বেরিয়ে আসা প্রতিভা নিয়ে দীর্ঘমেয়াদি কোনো উদ্যোগ কখনোই দেখা যায় না হকি ফেডারেশনে। আমাদের হকি খেলোয়াড় সরবরাহ করার একমাত্র পাইপলাইন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বা বিকেএসপি। জাতীয় দলের সব খেলোয়াড়ই বিকেএসপির ছাত্র। ভয় হয়, কোনো দিন কোনো কারণে যদি বিকেএসপি হকি খেলাটা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ থেকেই এটি বেমালুম বিলুপ্ত হয়ে যাবে। একসময় পুরান ঢাকার আরমানিটোলা ছিল হকির ‘রাজধানী’। প্রচুর প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে এসেছে ঢাকার এই একটি এলাকা থেকেই। ফরিদপুর, দিনাজপুর রাজশাহী প্রভৃতি জায়গাতেও খেলোয়াড় তৈরি হতো। কিন্তু এসব এখন ইতিহাস হওয়ার পথেই।
এশিয়া কাপ উপলক্ষে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসেছে অত্যাধুনিক ফ্লাডলাইট। কিন্তু ফ্লাডলাইটের আলোয় হকি ফেডারেশন দেশের হকির দৈন্য ঢাকার যতই চেষ্টা করুক, সেটি কিন্তু প্রকাশ হয়েই পড়ছে। ভিত্তি না গড়ে উঁচু ভবন গড়ার ফল যেমন শুভ হয় না, তৃণমূলে হকির চর্চা না বাড়িয়ে আন্তর্জাতিক হকি আয়োজনটাও তাই প্রহসন ছাড়া আর কিছুই মনে হয় না।