লিগও জিতল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা শেষ হচ্ছিল না। কখন বাজবে শেষ বাঁশি! সেটি বাজতেই শেখ রাসেলের অতিরিক্ত খেলোয়াড়দের সঙ্গে কর্মকর্তারাও ১০০ মিটার সিপ্রন্ট দিলেন মাঠের দিকে। কে আগে মাঠের খেলোয়াড়দের জড়িয়ে ধরে অভিনন্দন জানাবেন, চলল সেই প্রতিযোগিতা। প্রথম ঘরোয়া লিগ জেতার স্মরণীয় সন্ধ্যায় শেখ রাসেল ক্রীড়াচক্রের আবেগে ভেসে যাওয়ারই কথা। মাহেন্দ্রক্ষণ ধরা দেওয়ার আগে একটু নাটকীয়তা না থাকলে কি চলে! সেটিও হলো। লিগ চ্যাম্পিয়ন হতে গত পরশু শেখ জামালের বিপক্ষে ‘অন্তত ড্র চাই’ ম্যাচে আগে গোল খেল রাসেল। আলফ্রেডের করা সেই গোল শোধ করলেন জাহিদ। এরপর এমিলির পেনাল্টির গোলে নাটকীয়ভাবে ২-১-এ জয় রাসেলের। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট, এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ লিগের নতুন চ্যাম্পিয়ন শেখ রাসেল। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, সর্বশেষ লিগ জয়। ট্রেবলই হয়ে গেল রাসেলের। বাংলাদেশে প্রতিবছর নিয়মিত তিনটি টুর্নামেন্ট হয় না, তাই ট্রেবল শব্দটা সেই অর্থে ঘরোয়া ফুটবলের সঙ্গে সামঞ্জস্যহীন। তবে তিনটি ট্রফি জেতায় ঘুরেফিরে কথাটা আসছেই। ২০০২ সালে জাতীয় লিগ, ফেডারেশন কাপ ও ঢাকা লিগ ঘরে তোলা মোহামেডানের কল্যাণে ট্রেবল কথাটা সর্বশেষ শোনা গিয়েছিল ১১ বছর আগে।রাসেল এবার এমনই অপ্রতিরোধ্য যে সুপার কাপ হলে সেটিও ঘরে তুলতে প্রস্তুত। মৌসুমের শুরুতে ‘সব ট্রফিই জিততে চাই’ ঘোষণার বাস্তবায়নের পথে এখন পর্যন্ত শতভাগ সফল রাসেল। ১০ বছর শীর্ষ ফুটবলে কাটিয়ে অবশেষে এ বছর পেল গর্ব করার মতো কিছু। আরেকটি গর্বও আছে রাসেলের। এই লিগ জয় পুরোপুরি বিতর্কহীন, পাতানো খেলার কোনো অভিযোগ নেই। সাম্প্রতিক বছরগুলোয় যে কলঙ্ক ঘিরে থাকত চ্যাম্পিয়নদের।সনি নর্দের মতো কুশলী বিদেশি, স্থানীয়দের ভালো পারফরম্যান্স, কর্মকর্তাদের আন্তরিক চেষ্টা, কোচ মারুফুল হকের স্বাধীনভাবে কাজ করতে পারা—এই সব মিলিয়েই শেখ রাসেল এবার এমন উজ্জ্বল।একজন অধিনায়ক বেশি আর কী চাইতে পারেন! শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব নিজেকে তাই ভাগ্যবান ভাবছেন, ‘সবাই খুব আন্তরিকভাবে চেয়েছে লিগটা পেতে। কোচের অনেক বড় অবদান আছে। আমি নিজে অধিনায়ক হিসেবে ভাগ্যবান। এক মৌসুমে তিনটি ট্রফি! প্রতিদ্বন্দ্বিতার এই সময়ে ভাবাই যায় না।’ উল্লাসের মধ্যে বারবার খেলোয়াড়দের কণ্ঠে কোচের প্রশংসাই বেশি শোনা যাচ্ছিল। ‘আমাদের ওপর কোচ কখনো আস্থা হারাননি’ বলছিলেন স্ট্রাইকার এমিলি। আর কোচ মারুফুল হক হাসতে হাসতে সমালোচকদের দিকে একটা তিরও ছুড়লেন, ‘যাঁরা বলেন মারুফ কোনো কোচই নন, তাঁদেরই এই শিরোপাটা উৎসর্গ করলাম। আমি এত দিন ছিলাম টুর্নামেন্টের কোচ, এখন লিগের কোচও।’ মাঠে টুকটাক আনন্দ হয়েছে। তবে বড় অনুষ্ঠানই অপেক্ষা করছে শেখ রাসেলের খেলোয়াড়দের জন্য। ক্লাবের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁর পরামর্শ নিয়ে অনুষ্ঠান করার কথা জানিয়েছেন ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরী। খেলোয়াড়দের ভালো অঙ্কের বোনাস দেওয়ার কথাও ভাবছেন।তবে রাসেলের এই সোনায় মোড়ানো মৌসুম শেষ না হতেই শুরু হয়ে গেছে আগামী মৌসুমের দলবদলের ডামাডোল। প্লে-মেকার মামুনুল ও ডিফেন্ডার লিংকন শেখ জামালে যাওয়া নিশ্চিত করে ফেলেছেন বলে খবর। শোনা যাচ্ছে, সনিকে মাসে ১০ হাজার ডলার করে প্রস্তাব দিয়েছে শেখ জামাল। বড় অঙ্কের প্রস্তাব দিয়ে অন্যদেরও টানাটানি চলছে। এ দেশের বাস্তবতাই এমন। প্রাপ্তির আনন্দে ভাসার এই সময়ে রাসেলকে কিনা ঘরও সামলাতে হচ্ছে!