লিগে খেলার সম্ভাবনা কমই দেখছেন সাকিব
সাকিব আল হাসান আশায় ছিলেন ১৮ সেপ্টেম্বরের পর খেলতে পারবেন প্রিমিয়ার ক্রিকেট লিগে। কিন্তু কাল নিজেই শোনালেন আশা ভঙ্গের কথা, ‘আমার লিগে খেলার চান্স খুবই কম।’
সিপিএল থেকেই বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা নিয়ে ফিরেছেন। দেশে ফিরে করা এক্স-রে রিপোর্টে হাড়ে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে। সুস্থ হতে তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছিলেন চিকিৎসকেরা। তার এক সপ্তাহ চলে যাওয়ার পরও আঙুলে ব্যথা অনুভব করছেন সাকিব, ‘চাপ দিলে এখনো আঙুলে ব্যথা লাগছে। তা ছাড়া আরও দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে। এরপর ব্যথা সেরে গেলে মাঠে নামার আগে অন্তত এক সপ্তাহ তো অনুশীলন করতেই হবে। কাজেই লিগ খেলার সম্ভাবনা কমই দেখছি।’
নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আপাতত লিগ খেলা নয়, পুরোপুরি সুস্থ হওয়াই লক্ষ্য এই অলরাউন্ডারের। ‘আমার মূল টার্গেট এখন সুস্থ হওয়া’—কাল টেলিফোনে বলছিলেন সাকিব।
সাকিব শেষ পর্যন্ত লিগে না খেললে সেটা কলাবাগান ক্রীড়াচক্রের জন্য বড় দুঃসংবাদই হবে। লটারির দলবদলে তাঁকে পেয়ে যাওয়ার পর মোটামুটি ব্যয়বহুল দলই গড়েছে কলাবাগান। সেটি অবশ্যই শিরোপা জয়ের দিকে চোখ রেখে। সাকিবকে না পেলে সেই আশা পূরণ হওয়া কঠিন।