লিগে থাকবেন তাহির জামান
বাংলাদেশের হকি তাঁর কাছে হাতের তালুর মতো চেনা। মোহামেডানের হয়ে নব্বইয়ের দশকের শেষভাগে কয়েক বছর খেলেছেন। সেই থেকে কয়েকবারই নানা ভূমিকায় বাংলাদেশে আসা হয়েছে। এবার এলেন ঊষা ক্রীড়াচক্রের কোচ হয়ে। তাহির জামানের মতো তারকার কোচিং বাংলাদেশের হকি খেলোয়াড়দের কাছে বাড়তি পাওনাই। কাল ক্লাব কাপের ফাইনাল শেষে পাকিস্তানের সাবেক তারকাকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। বললেন, ‘আমি ডাগ-আউটে ছিলাম বলে ছেলেরা হয়তো চাপে ছিল। ভেবেছে ভুল করা যাবে না। এ কারণে প্রথমার্ধে ওরা ভালো খেলতে পারেনি।’ তাঁর উপস্থিতি খেলোয়াড়দের জন্য উজ্জীবনী শক্তিও। এটা মনে করিয়ে দিলে তাহিরের কথা, ‘হ্যাঁ, উজ্জীবনী শক্তি হিসেবে তারা নিতে পারলে তো খুবই ভালো।’পাকিস্তানের হয়ে ১৯৯২ অলিম্পিকসহ অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন। ছিলেন পাকিস্তানের অধিনায়কও। আট-দশ বছর ধরে আন্তর্জাতিক হকি ফেডারেশনের বিশেষজ্ঞ কোচ হয়ে কাজ করছেন বিভিন্ন দেশে। সেই ভূমিকায় বাংলাদেশেও এসেছিলেন অল্প কদিনের জন্য। তবে এবার বেশ কয়েক দিন থাকবেন। নিজেই জানালেন, ‘আপাতত আমার হাতে বড় কোনো কাজ নেই। তাই ঊষার সঙ্গে লিগে থাকব (লিগ শুরু ১৭ জুন)। সেই পরিকল্পনা নিয়েই এসেছি।’