লিগে প্রথম হার বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল উদযাপনে মুনিয়াইন (বাঁয়ে)। এ গোলেই লিগে ১৪ ম্যাচ পর হারের স্বাদ পেল বার্সা। ছবি: রয়টার্স
গোল উদযাপনে মুনিয়াইন (বাঁয়ে)। এ গোলেই লিগে ১৪ ম্যাচ পর হারের স্বাদ পেল বার্সা। ছবি: রয়টার্স

প্রথম ১৪ ম্যাচে ১৩ জয়, একটিতে ড্র। লা লিগার এবারের মৌসুমে যেন উড়ে চলছিল বার্সেলোনা। অবশেষে গত রাতে হারের তিক্ত স্বাদটা পেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে বার্সা।
খেলার প্রথমার্ধে অনেকটা নিজেদের মতো করেই খেলেছে বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা যতই সামনে গড়িয়েছে, ততই ম্লান মনে হয়েছে নেইমারদের। উল্টো ৭১ মিনিটের মাথায় বার্সার জালে বল জড়িয়ে দেন বিলবাও ফরোয়ার্ড ইকার মুনিয়াইন। বাকি সময়ে সেটা আর শোধ করতে পারেনি জেরার্ডো মার্টিনোর দল।
চোটের কারণে লিওনেল মেসি বেশ কিছু দিন ধরেই দলের সঙ্গে নেই। আর্জেন্টাইন জাদুকরের অনুপস্থিতিটা বেশ ভালো করেই টের পাচ্ছে বার্সা। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের কাছে ২-১ গোলে হেরে যায় বার্সা। সেটি ছিল এ মৌসুমে দলটির প্রথম হার। পাঁচ দিন পর লা লিগাতেও হারের মুখ দেখল মার্টিনোর দল। গত রাতের ম্যাচটা ছিল এবারের মৌসুমে বার্সার সবচেয়ে বাজে পারফরম্যান্স। গোটা ম্যাচে খুব কম সময়ই বিলবাওয়ের গোলবার লক্ষ্য করে জোরালো শট নিতে পেরেছে বার্সা।

লা লিগার পয়েন্ট তালিকায় এত দিন স্পষ্টতই সবার চেয়ে এগিয়ে ছিল বার্সা। গত রাতে হেরে যাওয়ার পরও অবশ্য শীর্ষস্থানটা হাতছাড়া হয়নি। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্ট এখন সমান। ১৫ ম্যাচ শেষে উভয় দলের অর্জন ৪০ পয়েন্ট। গোলব্যবধানে এগিয়ে বার্সা। ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। সূত্র: রয়টার্স।