হকির লিগ কমিটি গতকাল সভায় বসে তৃতীয়বারের মতো প্রিমিয়ার হকির দলবদলের সূচি চূড়ান্ত করেছে। নতুন সূচিতে ১৫ নভেম্বর দলবদল শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
১১টি ক্লাব নিয়ে দলবদল হওয়ার কথা। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর অধীনে বিদ্রোহী ছয় ক্লাব মোহামেডান, অ্যাজাক্স, মেরিনার্স, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ারী ও ওয়ান্ডারার্স দলবদল করবে না বলেই এত দিন জানিয়ে আসছিল। কালও তাদের অনড় অবস্থানের কথা জানালেন মোহামেডান কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া, ‘আমি আজ (কাল) ছয় ক্লাবকে নিয়ে সভা করেছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি। এই কমিটির অধীনে দলবদল করব না।’
ফেডারেশন দাবি করছে ৮টি ক্লাবকে নিয়ে হবে এবারের লিগ। এরই মধ্যে অ্যাজাক্স, বাংলাদেশ স্পোর্টিং এবং ওয়ান্ডারার্স দলবদলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। ওয়ান্ডারার্সের কর্মকর্তা হাসানউদ্দিন আহমেদ (শিমুল) কাল বললেন, ‘আমাদের ক্লাবের সভাপতি কাউসার মোল্লা স্বেচ্ছাসেবক লিগেরও সভাপতি। ওনার নির্দেশেই দলবদলে অংশ নিতে হচ্ছে আমাদের।’ অ্যাজাক্সও দলবদল করতে চায়। তবে ক্লাবটির প্রতিনিধি বিজয় কুমার দিলেন একটা শর্ত, ‘যদি আবারও দলবদল স্থগিত হয় এবং লিগ মাঠে না গড়ায় তাহলে আমাদের যে আর্থিক ক্ষতি হবে সেটা কারা দেবে? ফেডারেশন সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করব এই ক্ষতিটা যেন পুষিয়ে দেন তারা।’
আট দলের লিগ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দেশের অন্যতম প্রধান ক্লাব আবাহনী। লিগ কমিটির সভা শেষে আবাহনীর প্রতিনিধি মাহবুব হারুন বললেন, ‘আমরা চাই মোহামেডানসহ সব দলকে নিয়েই যেন লিগটা হয়। লিগ কমিটির কাছে এই অনুরোধ করে চিঠি দেব আমরা। সব দল অংশ নিলেই লিগটা জমজমাট হবে।’
তিনটি দল লিগে অংশ না নিলে তাদের ভাগ্যে কী থাকবে? খাজা রহমতউল্লাহর কথা, ‘যারা লিগে অংশ নেবে না, বাইলজ অনুসারে তারা প্রথম বিভাগে নেমে যাবে।’ কিন্তু এতে হকির জটিলতা আরও বাড়বে বলে মনে করেন হাসানউদ্দিন, ‘যেসব ক্লাব লিগে খেলবে না, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগেও তাদের দল আছে। সেখানে না খেললে বাইলজের মারপ্যাঁচে ওই ক্লাবগুলোকেও নামিয়ে দেওয়া হবে। এভাবে চলতে পারে না। তাই বুঝেশুনে সব সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ফেডারেশনের সভাপতির দিকে তাকিয়ে আছি।’