লিগেই সান্ত্বনা খুঁজছে ইউনাইটেড
অবস্থাটা আসলেই অদ্ভুত। ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শেষের দেরি নেই খুব একটা। রোমাঞ্চ সবচেয়ে বেশি থাকার কথা এখনই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমটা একরকম শেষই বলা যায়। প্রাপ্তির খাতায় যোগ করার মতো তেমন কিছুই আর নেই!অনেকেই বলতে পারেন, লিগ তো এখনো জেতেনি ইউনাইটেড। কিন্তু আট ম্যাচ বাকি থাকতে যখন ১৫ পয়েন্ট এগিয়ে আছে, তখন বলে দেওয়া যায়, শিরোপাটা হাতে নেওয়ার আনুষ্ঠানিকতাটাই শুধু বাকি। কিন্তু এক প্রিমিয়ার লিগ বাদে বাকি সব শিরোপাস্বপ্ন যে ভেস্তে গেছে এরই মধ্যে।দুর্ভাগ্যের শুরুটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ দিয়েই। ঘরের মাঠে রিয়ালের কাছে হেরে বিদায়ঘণ্টা বেজেছিল ইউনাইটেডের। ইউনাইটেডের সমর্থকেরা অবশ্য নানিকে বিতর্কিতভাবে লাল কার্ড দেখানোর জন্য রেফারিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। চ্যাম্পিয়নস লিগের পর বেঁচে ছিল এফএ কাপের স্বপ্ন। কিন্তু নয় বছরের গেরোটা এবারও খুলতে পারল না স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। চেলসির কাছে গত পরশু হেরেই গেছে। ফর্মে নেই দুর্দান্তভাবে মৌসুম শুরু করা রবিন ফন পার্সিও। মধ্য জানুয়ারির আগেই নতুন ক্লাবের হয়ে করে ফেলেছিলেন ২২ গোল। অথচ এরপর টানা নয় ম্যাচে গোল হয়ে আছে মরীচিকা। গত পরশুর ম্যাচেও শেষ মুহূর্তের সুযোগটা পায়ে না ঠেললে ফল অন্য রকম হতে পারত। পার্সির ফর্মহীনতা যিনি ঢেকে দিতে পারতেন, সেই ওয়েইন রুনিও চোটের কারণে দলের বাইরে।অথচ ফার্গি বলেছিলেন, এই দলের পক্ষে ট্রেবল জেতা সম্ভব। সেই আশা আপাতত দুরাশা, এখন প্রিমিয়ার লিগে যাতে আর পা না হড়কায়, সেদিকেই লক্ষ রাখতে বলবেন শিষ্যদের। এএফপি।