ক্রিস্টিয়ানো রোনালদো নামটাই যথেষ্ট প্রতিপক্ষ দলে আতঙ্ক ছড়ানোর জন্য। তাঁর সঙ্গে একজন গ্যারেথ বেল। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ছয় সপ্তাহ পর খুঁজে পেয়েছেন নিজেকে। অন্যজন করিম বেনজেমা। বাজে ফর্মটা কাটিয়ে আবারও ছন্দে ফেরা রিয়াল স্ট্রাইকার।
স্বেচ্ছায় এই ভয়ংকর আক্রমণভাগের মুখোমুখি হতে চাইবে কোন ক্লাব? সুযোগ থাকলে রিয়াল সোসিয়েদাদও হয়তো এড়িয়ে যেত! কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে এই ত্রয়ীর সামনে যে আজ পড়তেই হচ্ছে লা লিগায় সপ্তম স্থানে থাকা দলটিকে।
তবে এমন আক্রমণভাগ নিয়ে লিগে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সটা শুরুর দিকে প্রত্যাশিত মানের ছিল না। ১২ ম্যাচ পর তাই লিগের তৃতীয় স্থানে কার্লো আনচেলত্তির দল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে, অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৫। লিগে যে দুটি ম্যাচ হেরেছে রিয়াল, দুটিই এই দুই দলের বিপক্ষে। সেটা অবশ্য বেল ছন্দ খুঁজে পাওয়ার আগে। কিন্তু ওয়েলস তারকা স্বরূপে ফেরার পর থেকে রিয়াল রীতিমতো উড়ছে। রোনালদোর সঙ্গে তাঁর জুটিটাও দেখাচ্ছে অপ্রতিরোধ্য। সতীর্থকে ছন্দে পেয়ে দারুণ আনন্দিত পর্তুগিজ উইঙ্গারও, ‘ও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমার বিশ্বাস সে আমাদের অনেক সাহায্য করবে। এই মুহূর্তে সবকিছুই ভালো যাচ্ছে তার।’
শুধু বেল নন, দারুণ ফর্মে রোনালদো নিজেও। এরই মধ্যে এ মৌসুমে ১৬ ম্যাচে ২১ গোল রিয়াল তারকার। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে রিয়ালের জয়টাকেই বেশি গুরুত্বপূর্ণ বলছেন রোনালদো, ‘ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। তবে এসব রেকর্ড আমাকে এত রোমাঞ্চিত করে না, যতটা রোমাঞ্চিত হই আমি দলের জয়ে। আমি চাই অতীতের চেয়ে ভবিষ্যৎটা ভালো হোক।’
রোনালদোর এক দিন পরে মাঠে নামছেন তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও। বেনিতো ভিয়ামারিনে কাল মেসির দল বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল বেটিস। টানা তিন ম্যাচ গোলহীন থাকার পর বুধবার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল করে দারুণভাবে ছন্দে ফিরেছেন আর্জেন্টাইন তারকা। পরপর দুটি বড় চোটের ধাক্কা সামলে উঠতে গিয়েই কিছুটা সময় লেগেছে বলে জানিয়েছেন মেসি, ‘ধীরে ধীরে আমি ছন্দ ফিরে পাচ্ছি। চোটের আগে যে ফর্মে ছিলাম আশা করছি সেটাও ফিরে পাব।’
মেসি-রোনালদোর চোখ ধাঁধানো ব্যক্তিগত পারফরম্যান্সের মাঝেই দলগতভাবে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় আজ অগসবুর্গের সঙ্গে না হারলে বুন্দেসলিগায় টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বেন রোবেন-রিবেরিরা। এএফপি।