লিগেও স্বাধীনতা কাপের মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারামারি করেছেন মাঠেই। সেটিরই ‘পুরস্কার’ হিসেবে লাল কার্ড দেখতে হলো মোহামেডানের মিডফিল্ডার জাহিদ ও মুক্তিযোদ্ধার মারুফকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে । প্রথম আলো
মারামারি করেছেন মাঠেই। সেটিরই ‘পুরস্কার’ হিসেবে লাল কার্ড দেখতে হলো মোহামেডানের মিডফিল্ডার জাহিদ ও মুক্তিযোদ্ধার মারুফকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে । প্রথম আলো

স্বাধীনতা কাপ জয়ের প্রাইজমানি, সঙ্গে বোনাস। মাঠে আসার আগে মোহামেডানের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয়েছিল চেক। আর স্বাধীনতা কাপটা যেখানে শেষ করেছিলেন তাঁরা, সেখান থেকেই যেন শুরু করলেন লিগের দ্বিতীয় পর্ব। এমিলির একমাত্র গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এল সাদাকালোরা। তবে ম্যাচটিকে ‘স্মরণীয়’ করে রাখল দুই খেলোয়াড়ের লাল কার্ডও।
ফুটবলাররা মাঠে কেমন খেললেন, তা মুখ্য নয়—দিনের শেষে ৩ পয়েন্টই বেশি গুরুত্বপূর্ণ। তাই গোল দিয়ে ধরে রাখার দিকেই বেশি নজর কোচ রুই ক্যাপেলার। দুর্মূখেরা যতই ‘নেতিবাচক’ ফুটবলের জন্য তাঁকে দোষেন, মোহামেডানের পর্তুগিজ কোচের তা যেন গায়ে লাগে না। তাঁর কৌশলী ফুটবল, আসলে রক্ষণাত্মক ফুটবলের তুরুপের তাস দুই ডিফেন্ডার বেইবেক ও হেনরি। মোহামেডানের মতো দলের এমন নেতিবাচক ফুটবল দেখে বিস্মিত শফিকুল ইসলাম মানিক। মুক্তিযোদ্ধার কোচ ম্যাচ শেষে বললেন, ‘মোহামেডান গোল দিয়ে পুরো রক্ষণাত্মক হয়ে পড়বে, এরপর সময় নষ্ট করবে, মাঠে অহেতুক বসে থাকবে, এমনটা আশা করা যায় না।’ হারের জন্য রেফারিও তাঁর কাঠগড়ায়, ‘রেফারির কল্যাণে মোহামেডানের এই জয়। দুটি পেনাল্টি দেওয়া হয়নি আমাদের।’
১০ মিনিটেই মোহামেডানের এগিয়ে যাওয়ার পেছনে বড় ‘কৃতিত্ব’ মুক্তিযোদ্ধার ডিফেন্ডার জেরার্ড লেডুর। অরূপের ক্রস থেকে আসা বল ক্লিয়ার করতে পারেননি, গোলরক্ষক রাসেলের গায়ে লেগে তা ফিরে আসে এমিলির কাছে। ‘সুযোগসন্ধানী’ স্ট্রাইকারের আলতো টোকায় গোল।
পুরো ম্যাচে মাঠের খেলায় ততটা উত্তেজনা ছিল না। তবে ৫৪ মিনিটে মারামারি করে কিছুটা উত্তেজনা ছড়িয়েছেন মোহামেডানের জাহিদ ও মুক্তিযোদ্ধার মারুফ। দুজনই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।
মোহামেডানের কোচ ক্যাপেলার চোখে জয়টা যোগ্যতার পুরস্কার, ‘সব বিভাগেই আমাদের ছেলেরা ভালো খেলেছে, এতে ভাগ্যের ছোঁয়া নেই।’