লিগের আগে বিদেশি-জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে এখন বিদেশি খেলোয়াড় প্রসঙ্গ নিত্যদিনের খোরাক। সদ্য সমাপ্ত ফেডারেশন কাপের যৌথ শীর্ষ গোলদাতা চারজনই আফ্রিকান। লিগেও এই বিদেশিরাই নিজ নিজ দলের ভাগ্যের নিয়ন্ত্রক হয়ে উঠবেন বলে ধারণা। তবে লিগ শুরুর আগেই বিদেশি নিয়ে জট বেঁধেছে।পেশাদার ফুটবল লিগের পঞ্চম আসর শুরু ১ ফেব্রুয়ারি। এর জন্য প্রস্তুতিরত মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেলসহ ছয়টি দল চেয়েছে নতুন করে পছন্দের বিদেশি নিতে। কিন্তু বাফুফে শুরুতে ইতিবাচক মনোভাব দেখিয়েও পরে সরে গেছে, লিগ শুরুর আগে যা কয়েকটি ক্লাব ও বাফুফের মধ্যে তুলে দিয়েছে অদৃশ্য এক দেয়াল।কেন এ অবস্থা? লিগ কমিটির প্রধান আব্দুস সালাম মুর্শেদী জানাচ্ছেন, ‘বিশেষ পরিস্থিতিতে এবং বাফুফের অনুমোদনক্রমে নতুন বিদেশির কথা বলেছিল ফিফা। কিন্তু সার্বিক দিক বিবেচনায় আমরা নতুন বিদেশির অনুমতি দিচ্ছি না এবং দিতে বাধ্য নই।’এ সিদ্ধান্তে ক্ষুব্ধ ছয়টি দল। তাদেরই অন্যতম মোহামেডানের কর্মকর্তা লোকমান হোসেন ভুঁইয়া কাল বলেছেন, ‘বাফুফে ৯ জানুয়ারি চিঠি দিয়ে বলেছিল, চাইলে নতুন বিদেশি নেওয়া যাবে। আমরা বিদেশি এনেছি ১৮ জানুয়ারি। এখন ফেডারেশন ক্লাবগুলোকে সহযোগিতা না করলে ভবিষ্যতে ক্লাবও সহযোগিতা করবে না। তারা (ফেডারেশন) চায় না, লিগ জমজমাট হোক!’শেখ জামালেরও অভিন্ন প্রতিক্রিয়া। দলটির এক কর্মকর্তার কথা, লিগ কীভাবে আকর্ষণীয় হবে, তা নিয়ে কোনো ভাবনা নেই বাফুফের। এ কারণেই তারা আগের অবস্থান থেকে সরে গেছে। তবে শেষ খবর, দলগুলো শেষ পর্যন্ত খেলার স্বার্থে বাফুফের ‘বিতর্কিত’ ওই সিদ্ধান্ত মেনে নিচ্ছে।কাল রাতে আবার শেখ রাসেল একজন অসুস্থ বিদেশিকে বদল করতে লিগ কমিটিকে চিঠি দিয়েছে। তাদের একজন খেলোয়াড় হূদেরাগে ভুগছেন। এ চিঠি পেয়ে সালাম মুর্শেদীর নিজেরও হূত্কম্পন বেড়ে গেছে আরও, ‘শেখ রাসেলের ওই খেলোয়াড়ের ব্যাপারটা মানবিক। এ ক্ষেত্রে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তবে যা-ই করা হোক, বিদেশি নিয়ে আমরা একটা ঝামেলায় পড়ে গেছি। খুঁজতে হচ্ছে এর সমাধান। দেখা যাক কী করা যায়।’কোচ এমেকার মাধ্যমে ছয়জন নাইজেরিয়ান খেলোয়াড় এনেছিল মোহামেডান। ফেডারেশন কাপে তাঁদের পারফরম্যান্সে খুশি হতে পারেনি ক্লাব। তাই সাদা-কালোরা চারজন নতুন বিদেশি এনেছে দলভুক্ত করতে। কিন্তু বাফুফের অনুমতি না পাওয়ায় মোহামেডান বাধ্য হয়ে আগের বিদেশিদেরই রাখছে। আগে আনা খেলোয়াড়দের মধ্যে যে কজন পছন্দ হবে, রাখা হবে তাঁদেরই। দলগুলো বলছে, বাফুফের উচিত ছিল আগেই বিষয়টা পরিষ্কার করা। তাহলে এই দৌড়ঝাঁপ আর ভোগান্তির মধ্যে পড়তে হতো না। আগামী দিনে যেন এমন কাণ্ড না হয়, তা ভেবে দেখতে বাফুফেকে অনুরোধ করেছে সংশ্লিষ্ট ক্লাবগুলো।বাফুফের সভাপতি দুই দিন আগেই এই প্রতিবেদককে বলেছিলেন, ‘ক্লাবগুলো ভালো করতে যদি নতুন বিদেশির অনুমতি চায়, তাহলে অনুমতি দিতে ক্ষতি কী?’ কাল বিষয়টা নিয়ে বাফুফের জরুরি কমিটির সভা ডেকেও বাতিল করা হয়েছে। সালাউদ্দিন ও সালাম মুর্শেদী পরে আলোচনা করেছেন। এর পরই জানানো হয়, নতুন বিদেশি নেওয়া যাবে না।এই চাপানউতোরের মধ্যেই কাল জানানো হয়েছে লিগের সূচি। প্রথম দিনই বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় মুখোমুখি ফেডারেশন কাপের দুই ফাইনালিস্ট শেখ জামাল-বিজেএমসি। পরদিন মুক্তিযোদ্ধা-ফরাশগঞ্জ (সোয়া তিনটা)। শুক্রবার শেখ রাসেল-ফেনী সকার। শনিবার আবাহনী-রহমতগঞ্জ। মঙ্গলবার ব্রাদার্স-আরামবাগ।লিগ তো শুরু হচ্ছে, কিন্তু বিদেশি-জটে ক্লাব-বাফুফে দূরত্ব কমবে কীভাবে?