লিগের দিকেই তাকিয়ে মাশরাফি
অধিনায়কবিহীন বাংলাদেশের ক্রিকেটে সম্ভাব্য অধিনায়ককে নিয়ে আলোচনাটা এখন সবচেয়ে বেশি জোরালো। এ আলোচনায় মাশরাফি বিন মুর্তজাও একটা চরিত্র। ইস্, যদি এর মধ্যেই সুস্থ হয়ে যেতেন মাশরাফি! নতুন করে আর অধিনায়ক খুঁজতে হতো না। তবে আলোচনাটা মাশরাফি পর্যন্ত পৌঁছায় কদাচিৎ । পৌঁছালেও হেসে বলেন, ‘এ অবস্থায় ওসব নিয়ে ভাবলে লোকে আমাকে গাধা বলবে।’বাংলাদেশ দলের অধিনায়ক-সংকটে পড়ে যাওয়াটা ভাবালেও ‘গাধা’ হতে চাইছেন না মাশরাফি। তাঁর পুরো চেতনায় বরং কেবলই মাঠে ফেরার ব্যগ্রতা। তবে সেটিও যেন তাড়াহুড়া করে না হয়। বাস্তবতা দেশসেরা পেসারকে শিখিয়েছে, তাড়াহুড়ার ফল কখনো ভালো হয় না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর তাই পাশ কাটাতে চান ডিসেম্বরের পাকিস্তান সিরিজটাকেও। ‘পাকিস্তান সিরিজেই ফিরতে হবে, এমন লক্ষ্য নেই। অনেক সিরিজ মিস করেছি। আরেকটা সিরিজ মিস করলে এমন কিছু হবে না। দেশের হয়ে খেললে পারফর্ম করতে হবে। এত দিন পর মাঠে ফিরে সেটা সহজ হবে না। আমার ইচ্ছা ঢাকা লিগ থেকে শুরু করার’—বলেছেন ইনজুরি এবং ইনজুরি-পরবর্তী পুনর্বাসনের কারণে প্রায় চার মাস মাঠের বাইরে থাকা মাশরাফি।গত ২১ মে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎ সক ডেভিড ইয়াংয়ের কাছে গিয়ে হাঁটুতে সর্বশেষ অস্ত্রোপচারটি করিয়েছেন মাশরাফি। পুনর্বাসনের অংশ হিসেবে এখন প্রতিদিনই এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং, সাইক্লিং করছেন। চিকিৎ সদের আশা ছিল, অক্টোবরের শেষ দিকে হয়তো রানিং শুরু করতে পারবেন। নভেম্বরের মধ্যেই নেটে হাতে নিতে পারবেন ব্যাট-বল। যদিও জাতীয় দলের নতুন ফিজিও বিভব সিং আর বিসিবির চিকিৎ সক দেবাশিস চৌধুরীর কালকের আলোচনার ফলাফল বলছে, মাশরাফির আরেকটু সময় লাগবে। ‘মাশরাফির অবস্থার আশানুরূপ অগ্রগতি হয়নি। আমাদের মনে হচ্ছে, ডিসেম্বরের আগে ও বোলিং করতে পারবে না। জানুয়ারির মাঝামাঝি গিয়ে হয়তো খেলা শুরু করতে পারবে’—বলেছেন দেবাশিস।মাশরাফিও বুঝতে পারছেন সেটা। অস্ত্রোপচারের সাত-আট সপ্তাহ পর ওয়েট ট্রেনিং শুরুর কথা থাকলেও তাতে কিছুটা দেরি হয়েছিল। মাঝে ঈদের জন্যও কয়েক দিন বন্ধ ছিল পুনর্বাসন। মাঠে ফেরার সময় নিয়ে ফিজিওর সঙ্গে কথা বলে তাই মাশরাফিও সিদ্ধান্ত নিয়েছেন তাড়াহুড়া করবেন না, ‘চাপ নিতে চাচ্ছি না। শারীরিকভাবে ফিট হওয়ার পর ম্যাচ ফিটনেস বা বোলিং ফিটনেসের ব্যাপারগুলোও থাকে। বিভব বলেছে, সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়তো ঠিক হবে না। আমারও সে রকম ইচ্ছে নেই।’আইসিসির এফটিপি অনুযায়ী পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ দল আন্তর্জাতিক সিরিজ খেলবে আগামী বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে। প্রিমিয়ার লিগে মাঠে ফিরলে শ্রীলঙ্কা সিরিজের আগে মাশরাফির সুযোগ হবে বিসিবির নতুন আয়োজন বিপিএলে খেলারও। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ওয়ানডে পর্ব। বিপিএলের প্রস্তাবিত সময় ১১ থেকে ২৮ ফেব্রুয়ারি। বিপিএলকে সময় দিতে এবারও হচ্ছে না প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিশ্বকাপের জন্য গত মৌসুমেও ওটা হতে পারেনি।অপেক্ষার সময়টা মাশরাফির চেনা। তবে এবারের অপেক্ষা একটু অন্য রকম। বাইরে বসে বসেই দেখছেন, তাঁর মতো ধুঁকছে বাংলাদেশের ক্রিকেটও। জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা এবং বাংলাদেশের ক্রিকেটে সেটির পরিণতি, শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কাপের মতো সবকিছুরই তিনি একজন দর্শক। শুধু মাঝে এক দিন সাকিব-তামিমের সঙ্গে দেখা হলে বলেছিলেন, ‘এক দিক দিয়ে ভালোই হলো। এখন তো নির্ভার হয়ে খেলা যাবে! নিজেদের খেলার দিকে আরও ভালো করে নজর দিতে পারবি। সে সঙ্গে যারা ভালো করতে পারছে না, তাদেরও একটু সাহায্য কর। তাতে দলের ভালো হবে, নতুন অধিনায়কেরও উপকার হবে।’যতই দূরে থাকুন, মাশরাফি যেন অধিনায়কদেরও অধিনায়ক!