লিগের পর শেখ কামাল বাস্কেটবল
ধানমন্ডি ইনডোর জিমনেসিয়ামে পরশু শুরু হচ্ছে সিটিসেল বাস্কেটবল লিগ। ১২-১৮ জুন অনুষ্ঠেয় প্রথম বিভাগে খেলবে রেঞ্জার্স, রেইথস, যোশেফাইটস, ক্যান্টোনিয়ানস, মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব, দ্য শাওনস এবং ওল্ড ডিওএইচএস। প্রথম বিভাগ শেষে ২২ জুন শুরু হবে প্রিমিয়ার লিগ। গ্রেগরিয়াস, ধূমকেতু, ইউরোপা ইয়ুথ, ফ্লেম বয়েজ, দি গ্রেগস, হরনেটস, ঈগলস ও বকশীবাজার—এই আট দলের সঙ্গে প্রিমিয়ারে সুযোগ পাবে প্রথম বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। প্রিমিয়ার লিগ শেষ হবে ৬ জুলাই।প্রিমিয়ারে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পুরস্কার ৫০ হাজার ও ৩০ হাজার টাকা। এবারের লিগের পৃষ্ঠপোষক সিটিসেল। গতকাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার (অব.)। সেই সঙ্গে ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন দিয়েছেন এক সুসংবাদ, বঙ্গবন্ধু তনয় শেখ কামালের নামে ঢাকায় হবে আন্তর্জাতিক বাস্কেটবল টুর্নামেন্ট। সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হতে পারে এই টুর্নামেন্ট। কাল সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি, প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা তাসলিম আহমেদ প্রমুখ।