লিগের ফিরতি পর্ব থেকে কাঁটাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা আগের দিনই জানিয়েছিল বাফুফের পেশাদার লিগ কমিটি। কাল কমিটির সভায় সেই সিদ্ধান্তই নেওয়া হলো। চলমান বাংলাদেশ লিগের ফিরতি পর্ব থেকে কাঁটাতার উঠে যাবে গ্যালারি ও মাঠের সংযোগ দেয়ালের ওপর।পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী কাল সভা শেষে বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাঁটাতারের বেড়া দিতে আমরা আগেই জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছিলাম। এখন আবার এ নিয়ে চিঠি দেব। যদি ক্রীড়া পরিষদ কাজটা শেষ পর্যন্ত করে না দেয়, তাহলে বাফুফে নিজস্ব উদ্যোগেই করে নেবে। তবু কাঁটাতারের বেড়া দিতেই হবে।’কাঁটাতারের বেড়াটা হবে অস্থায়ী। আন্তর্জাতিক ম্যাচের সময় প্রয়োজনে সেটি খুলে ফেলা যাবে। ফিফার আইনে আছে, দর্শকদের সমস্যা বা দুর্ঘটনার কথা বিবেচনা করে কাঁটাতার-জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। দর্শকদের নিরাপত্তাই এখানে আসল। নিরাপত্তার স্বার্থে এ জাতীয় বস্তু স্টেডিয়ামে নিরুৎসাহিত করে ফিফা।কিন্তু বাংলাদেশে দর্শককে সব উন্মুক্ত করে দিতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি টপকে অবাধে মাঠে ঢুকছে দর্শক। সর্বশেষ আবাহনী-শেখ জামাল ম্যাচের পর মাঠে দর্শক ঢুকে গোলমাল করেছে।এই জঙ্গি দর্শকদের ঠেকাতে গ্যালারিতে আগের মতো কাঁটাতারের বেড়া দেওয়াটা তাই জরুরি মনে করছেন বাফুফের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পশ্চিম পাশে আবাহনী-মোহামেডান গ্যালারিতে দেওয়া হবে এই বেড়া, এ পাশেই সাধারণত দর্শক বসে।‘ঘরোয়া ফুটবলে কাঁটাতার দেওয়া যাবে না, এমন কোনো নির্দেশনা ফিফার আছে বলে জানা নেই। কাজেই এটা আমরা দিতেই পারি’—বলেছেন সালাম।ওদিকে জানুয়ারির তৃতীয় সপ্তাহে লিগের প্রথম পর্ব শেষ হবে। তারপর প্রতিবারের মতো নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য যে দুই সপ্তাহ বিরতি দেওয়া হয়, এবার তা না-ও দেওয়া হতে পারে। কারণ, মার্চের প্রথম সপ্তাহে কাঠমান্ডুতে জাতীয় দলের এএফসি চ্যালেঞ্জ কাপ আছে। তখন একটা লম্বা বিরতি পড়বে। সেই বিরতির আগে খেলোয়াড় নিবন্ধনের বিরতি পড়লে লিগ আরও ঝুলে পড়বে। বাফুফে এটিকেই বিবেচনায় নিয়েছে।