লিটনের কাছে হারল বড়দের দল
হরতালের কারণে অনুশীলন হয়নি গত দুই দিন। শঙ্কা ছিল গতকালের অনুশীলন ম্যাচ নিয়েও। কিন্তু ক্যাম্পের মাঝখানে অনাহুত বিরতি উপভোগ করছিলেন না কেউই। কোচ-ক্রিকেটাররা তাই হরতালের মধ্যেও যে করেই হোক প্রথম প্রস্তুতি ম্যাচটা খেলতে চাইলেন। আর চাইলেন বলেই অনেক দিন পর কাল ম্যাচের মেজাজে ফিরল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ফিরলেন ক্রিকেটাররাও।জাতীয় দল আর ‘এ’ দল সম্ভাব্যদের নিয়ে গড়া বিসিবি একাদশের জন্য অবশ্য সুখকর হয়নি এত দিন পর খেলায় ফেরার অভিজ্ঞতা। অনূর্ধ্ব-২৩ দলের কাছে হারতে হয়েছে ৩ উইকেটে। প্রস্তুতি ম্যাচ বলে এই ফলাফল হয়তো গুরুত্বহীন। তবে ম্যাচের ২২ বল বাকি থাকতে অনূর্ধ্ব-২৩ দলের জয়ে যার সবচেয়ে বড় ভূমিকা, সেই লিটন কুমার দাসের জন্য ব্যাপারটা অন্য রকমই। সেঞ্চুরিটা যে জাতীয় দলের বোলারদের বিপক্ষে! ম্যাচ শেষে লিটন নিজেও বলছিলেন, ‘অনেক ভালো লাগছে...বলে বোঝাতে পারব না সেটা কেমন। ওনারা হয়তো এটাকে প্র্যাকটিস ম্যাচ হিসেবে নিয়েছেন। কিন্তু সামনে আমাদের একটা সফর আছে। আমাদের জন্য তাই এই ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ।’৫০ ওভারে ২৪৯ রানের লক্ষ্য ছিল অনূর্ধ্ব-২৩ দলের সামনে। ১৯ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যান সৌম্য সরকার, অধিনায়ক রনি তালুকদার আর মিজানুর রহমানকে হারানোর পর কাজটা সহজ ছিল না মোটেও। ৪ নম্বরে নেমে তা সহজ করে দিলেন লিটন, সঙ্গী হিসেবে পেলেন সাব্বিরকে। সাব্বিরের সঙ্গে পঞ্চম উইকেটে ১০৫ রানের জুটিতেই অর্ধেকটা পথ পাড়ি দেওয়া হয়ে গেল। সাজেদুলের বলে মিড অনে নাঈমের ক্যাচ হওয়ার আগে লিটন ১৬ বাউন্ডারিতে ১০৯ বলে করেছেন ১১০, সপ্তম উইকেটে নুরুলের সঙ্গে গড়ে দিয়ে গেছেন ৫১ রানের আরেকটা জুটি।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, গত জাতীয় লিগে রংপুরের হয়ে সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের বিপক্ষেও। বিশ্বকাপের সেঞ্চুরিটার মাহাত্ম্যটা অবশ্যই সবচেয়ে বেশি। তবে লিটনের কাছে খুব পিছিয়ে নেই এই ইনিংসটাও, ‘জাতীয় দলের বোলারদের বিপক্ষে ব্যাটিং করে সেঞ্চুরি পাওয়াটা অনেক বড় ব্যাপার। উইকেটটা ভালো, ব্যাটে বল আসছিল। শুরু থেকেই চিন্তা ছিল সোজা ব্যাটে খেলব।’ লিটনের ব্যাটিংয়ের এই দিকটা চোখে পড়েছে সবারই। অন ড্রাইভ, অফ ড্রাইভে অনেক বেশি নিখুঁত তাঁর ব্যাট। সাকিব নেই, বেশ কিছুদিন অসুস্থ থাকার পর অনুশীলনে ফেরা রাজ্জাকও খেলেননি ম্যাচটা। বড়দের বোলিং তাই কিছুটা নির্বিষই মনে হয়েছে। গত কিছুদিন যে লম্বা ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে ছিলেন সবাই, অনেকের ফিল্ডিং দেখে বুঝতে সমস্যা হচ্ছিল সেটাও।এর আগে বিসিবি একাদশের ইনিংসে মুশফিকুর রহিমের ৬৭ বলে ৬০ রানের ইনিংসটাই বলার মতো। ৪৬ রানের মধ্যে দুই ওপেনার জহুরুল ও এনামুলের বিদায়ের পর তৃতীয় উইকেটে রকিবুলের সঙ্গে ৭৪ রানের জুটি হয়েছে অধিনায়কের।দুই দল আগামীকাল ও পরশু আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।সংক্ষিপ্ত স্কোরবিসিবি একাদশ: ৪৮.৩ ওভারে ২৪৮ (জহুরুল ১৮, এনামুল ২৫, রকিবুল ৩৫, মুশফিক ৬০, মাহমুদউল্লাহ ১৩, মমিনুল ১১, নাঈম ২৭, জিয়া ৩২, সোহাগ ০, সাজেদুল ১, রুবেল ৫*; আলাউদ্দিন ২/৪১, জাহেদ ০/৪৬, নাজমুল অপু ১/৪১, সৌম্য ২/২৬, নূর হোসেন ০/১৯, তাইজুল ২/২৮, আসিফ ০/৩২, সাব্বির ১/১৪)। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ৪৬.২ ওভারে ২৫১/৭ (সৌম্য ৩, রনি ৭, মিজান ২, লিটন ১১০, আসিফ ১৩, সাব্বির ৫৬, নুরুল ৩৩*, আরিফ ৪, আলাউদ্দিন ১৪*; সাজেদুল ৩/৩৯, রুবেল ২/৫১, সোহাগ ২/৩৭, সাকলাইন ০/৩৬, জিয়া ০/১৮, মাহমুদউল্লাহ ০/১৪, মমিনুল ০/১৭, নাঈম ০/১৯)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৩ উইকেটে জয়ী।