লিথ-ফিঞ্চের অবিশ্বাস্য ক্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিঞ্চ-লিথ এর যুগলবন্দী দেখালো চমকে দেয়া এক ক্যাচ!
ফিঞ্চ-লিথ এর যুগলবন্দী দেখালো চমকে দেয়া এক ক্যাচ!

৫৫ রানে ব্যাট করছেন টম স্মিথ। কয়েক পা সামনে এগিয়ে এসে হাঁকালেন দারুণ এক শট। বল উড়ে গেল সীমানার দিকে। সাদা চোখে মনে হলো নিশ্চিত ছক্কা। তবুও সেটি রুখতে দৌড় শুরু করলেন ফিল্ডার অ্যাডাম লিথ। বিপরীত দিক থেকে ছুটে এলেন অ্যারন ফিঞ্চ। বল ঠিকই উড়ে গেল সীমানার ওপারে।
ভাবছেন, ব্যাটসম্যান টম স্মিথের ব্যাটে যোগ হলো আর ছয়টি রান? কিন্তু তখনই এক অভূতপূর্ব দৃশ্য। বল মাটিতে অবতরণ করার আগেই সীমানা বরাবর বাতাসে লাফ দিয়ে ছোঁ মেরে বল ধরে তা আবার সীমানার ভেতর দিকে ছুড়ে দিলেন ফিল্ডার অ্যাডাম লিথ। দৌড়ে আসা ফিঞ্চ সতীর্থের ভেতরের দিকে ছুড়ে দেয়া বল তালুবন্দী করে নিলেন! ছয় রান প্রাপ্তি নয়, বরং ব্যাটসম্যান স্মিথকে ফিরতে হলো সাজঘরে! গতকাল ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের ম্যাচে ইয়র্কশায়ারের ফিঞ্চ-লিথের যুগলবন্দী দেখালো চমকে দেয়া এক ক্যাচ।
জানুয়ারিতে অর্ধেকটা মাঠ দৌড়ে গিয়ে ইংল্যান্ডের ক্রিস জর্ডানের দুর্দান্ত ক্যাচটিকেই যদি বছরের সেরা ক্যাচ ভেবে থাকেন, নিশ্চিত থাকুন, গতকালের ক্যাচের ভিডিওটি দেখলে ধারণা বদলে যাবে। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের টুইটার অ্যাকাউন্ট অবশ্য পরের ম্যাচে লিথকে সুপারম্যানের পোশাকে খেলতে নামার পরামর্শ দিয়েছে। জুতসই উপদেশ বটে!


ফিঞ্চ-লিথের অবিশ্বাস্য ক্যাচটি দেখুন