লিনেকারকে হজসনের পাল্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ-ভাগ্য দুলছে সুতোয়। ইংল্যান্ড সরাসরি ব্রাজিলের টিকিট পাবে, নাকি প্লে-অফ খেলতে হবে, নির্ভর করছে তাদের বাকি দুই ম্যাচের ওপর। ভাগ্য খুব খারাপ হলে বাদও পড়ে যেতে পারে বাছাইপর্ব থেকে। ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র এমন অনিশ্চিত জায়গায় নিয়ে গেছে ইংল্যান্ডকে।
গত মঙ্গলবার কিয়েভের ম্যাচটা শেষেই তাই বাজে পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডকে ধুয়ে দিয়েছেন কিংবদন্তি ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার। তবে সাবেক অধিনায়কের সমালোচনার পাল্টা জবাব দিয়ে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ড কোচ রয় হজসন।
ইউক্রেনের বিপক্ষে ইংল্যান্ডের খেলা দেখে মোটেও মন ভরেনি লিনেকারের। ইংল্যান্ড ‘জঘন্য’ খেলেছে উল্লেখ করে টুইটারে লিখেছিলেন, ‘ওরা যখন পাস দিচ্ছিল, মনে হচ্ছিল একজন আরেকজনকে চেনেই না। (মাইকেল) ক্যারিক খেলেনি দেখেও অবাক হয়েছি।’
ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমন সমালোচনা করায় কিছুটা ক্ষুব্ধ রয় হজসন, ‘এ নিয়ে ও (লিনেকার) দ্বিতীয়বার এটা করল। আমি হতাশ এ কারণে যে লিনেকারকে আমি মনে রেখেছি ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে, কিছু অসাধারণ ম্যাচ সে খেলেছে। কিন্তু আমি নিশ্চিত এমন ম্যাচও তো ছিল যেখানে সবকিছু সহজ ছিল না। আমার মনে হয় না সব ম্যাচেই সে সফল হয়েছে।’ সেরা একাদশ খেলাতে না পারার পরও ইউক্রেনের সঙ্গে ড্র করাটাকে ভালো ফল বলেই মনে করছেন ইংল্যান্ড কোচ, ‘বেশির ভাগ মানুষকে সন্তুষ্ট করার জন্য যা করা যায়, আমি করেছি। প্রথম একাদশের সাতজন খেলোয়াড় না থাকার পরও এই দলটা মলদোভাকে ৪-০ গোলে হারিয়েছে, ইউক্রেনের সঙ্গে ড্র করেছে।’ লিনেকারের সমালোচনায় তাই কান দিতে রাজি নন হজসন, ‘ওর সঙ্গে আমাকে একমত করাতে পারবেন না। কারণ আমিও ৩৮ বছর ধরে ফুটবলে আছি। আমি আমার মতে অটল থাকব, লিনেকার ওরটায় থাকতে পারে।’
কোচের কাছ থেকে পাল্টা জবাব পেয়ে কথার লড়াইটা আর বাড়াননি লিনেকার। বরং এক দিন পরই লিনেকারের টুইটারে দেখা গেল শান্তির বার্তা, ‘আমি এটা পরিষ্কার করে বলতে চাই, হজসনের প্রতি আমার সমর্থন আছে। সে খুব ভালো কাজ করছে।’ এএফপি।