লিপ্পির স্থলাভিষিক্ত হচ্ছেন প্রানদেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পরপরই বিদায় নেবেন ইতালির কোচ মার্সেলো লিপ্পি। এটা পূর্বনির্ধারিতই। লিপ্পির উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়েও জল্পনা-কল্পনার অন্ত ছিল না। শেষ পর্যন্ত সব কানাঘুষার অবসান ঘটিয়ে ইতালির ফুটবল কর্তৃপক্ষ ফিওরেন্টিনার কোচ সিজারে প্রানদেল্লিকে মার্সেলো লিপ্পির স্থলাভিষিক্ত করতে যাচ্ছে। মার্সেলো লিপ্পি ২০০৬ সালে ইতালিকে বিশ্ব চ্যাম্পিয়ন করিয়েছিলেন। কিন্তু এর পরেই তিনি কোচের দায়িত্ব ছেড়ে দেন। ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির ভরাডুবির পর আবার কোচের দায়িত্ব কাঁধে তুলে নেন। তবে বিশ্বকাপের পরপরই যে তাঁকে কোচের দায়িত্ব ছেড়ে দিতে হবে এমন ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। মার্সেলো লিপ্পি অবশ্য কখনই তা স্বীকার করেননি। এমনকি ইতালির ফুটবল ফেডারেশনের সভাপতি জিয়ানকার্লো আবেতে লিপ্পির দায়িত্ব ছাড়ার ব্যাপারটিকে নিতান্তই গুজব হিসেবে অভিহিত করেছিলেন। গতকাল রোববার ইতালি ফুটবল ফেডারেশনের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সের কাছে মার্সেলো লিপ্পির স্থলে প্রানদেল্লির কোচ হওয়ার সংবাদের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেছেন, ‘চার বছরের জন্য দায়িত্ব নিতে যাচ্ছেন প্রানদেল্লি।’