লিবার্তোদোরেস ইন্টারন্যাসিওনালের
১৯৮০ সালে প্রথম কোপা লিবার্তোদোরেসের ফাইনালে উঠেছিল ইন্টারন্যাসিওনাল। এরও ২৬ বছর পর ২০০৬ সালে তারা প্রথম জিতেছে লিবার্তোদোরেস কাপ। কিন্তু চার বছর পরই আবার লিবার্তোদোরেসের শিরোপা পেল ব্রাজিলের ক্লাবটি। পরশু মেক্সিকোর ক্লাব শিভাস অব গুয়াদালাহারাকে ফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে হারিয়ে লিবার্তোদোরেস কাপের ট্রফি ব্রাজিলে নিয়ে নেয় ইন্টারন্যাসিওনাল। ফ্যালকাও, ব্রাঙ্কো, তাফারেল, লুসিও, পাতোদের সাবেক দলটি প্রথম লেগ জিতেছিল ২-১ গোলে। রয়টার্স, ওয়েবসাইট।ট্রফি হাতে নেওয়ার আগে অনেক নাটক পেরিয়ে আসতে হয়েছে ইন্টারন্যাসিওনালকে। নিজেদের মাঠে প্রথমে পিছিয়ে পড়েছিল তারা। রাফায়েল সোবিস সমতায় ফেরান দলকে। এর পর লিওনার্দো ও জিউলিয়ানো এগিয়ে দেন দলকে। পরে অবশ্য একটি গোল ফিরিয়ে দিতে পারে গুয়াদালাহারা। কিন্তু গোল ফিরিয়ে দেওয়ার পরও শিরোপা অধরা থেকে যাবে বুঝে ফেলার পর অন্য লড়াইয়ে নামে গুয়াদালাহারার খেলোয়াড়েরা। তারা আক্রমণ করে বসে ইন্টারন্যাসিওনালের খেলোয়াড়দের। ইন্টারন্যাসিওনালের খেলোয়াড়দের বাঁচাতে মাঠে পুলিশ ঢুকে পড়ে। পরে পুলিশি পাহারায় ইন্টারন্যাসিওনালকে দেওয়া হয় ট্রফি।