লিভারপুল কেবলই নামছে
এফএ কাপের ফাইনালের জন্য পেপে রেইনা, স্টিভেন জেরার্ড, ড্যানিয়েল অ্যাগার ও লুইস সুয়ারেজকে বিশ্রাম দিয়েছিলেন কেনি ডালগ্লিস। পরশু প্রিমিয়ার লিগে লিভারপুলের কোচের দেওয়া এই সুযোগটাই লুফে নিয়েছে ফুলহাম। গড়েছে ইতিহাস। ৪২ বারের প্রচেষ্টায় অবশেষে অ্যানফিল্ডে এসে লিভারপুলকে হারাতে পারল লন্ডনের ক্লাবটি। ৪ মিনিটে মার্টিন স্করটেলের আত্মঘাতী গোলেই ১-০ গোলে জিতেছে ফুলহাম। এএফপি।এই হারে সংশয়ে পড়ে গেল লিভারপুলের অষ্টম হওয়াটাও। ৩৬ ম্যাচ শেষে লিভারপুল ও ফুলহাম উভয় দলেরই পয়েন্ট সমান ৪৯। অবশ্য গোল ব্যবধানেই অষ্টম স্থানটা আপাত ধরে রেখেছে অল রেডরা। সর্বশেষ ১৯৫৩-৫৪ মৌসুমে শীর্ষ আটে থাকতে পারেনি ইংলিশ লিগের দ্বিতীয় সফলতম দলটি। সেবার দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিল লিভারপুল। আগামী শনিবার এফএ কাপের ফাইনালে চেলসির মুখোমুখি হবে লিভারপুল। তবে পরশুর এই হার ফাইনালে প্রভাব ফেলবে না বলেই মনে করছেন ডালগ্লিস, ‘আমরা ৪-০ গোলে জিতলেও কোনো তফাৎহতো না। তবে এটা অবশ্যই হতাশার।’