লিভারপুল ক্লাব বিক্রি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তুঙ্গে
ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব লিভারপুল বিক্রি হয়ে যাচ্ছে—এমন খবর বেশ কয়েক দিন ধরেই বিশ্ব ক্রীড়াঙ্গনে তোলপাড় তুলেছে। ক্লাবটির পরিচালনা পর্ষদও মোটামুটি ৩০০ মিলিয়ন পাউন্ডে এটি বিক্রি করে দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। কিন্তু নতুন খবর হল, লিভারপুলের অন্যতম মালিক টম হাইকস ও জর্জ জিলেট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, লিভারপুল বিক্রি করে দেওয়ার কোনো ইচ্ছে তো তাঁদের নেইই, বরং তাঁরা ক্লাবের পরিচালনা পর্ষদই ভেঙে দেওয়ার কথা ভাবছেন।এদিকে, লিভারপুলের চেয়ারম্যান মার্টিন ব্রাউটন জানিয়েছেন, জাতিতে মার্কিন টম হাইকস ও জর্জ জিলেটের হাতে ক্লাবের যৌথ মালিকানা থাকলেও তাঁরা লিভারপুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কোনো এখতিয়ার রাখেন না।ক্লাবের চেয়ারম্যান মালিকদ্বয়ের বিপক্ষে মন্তব্য করায় লিভারপুলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাইরের জগতের কাছে খুবই স্পষ্ট হয়ে উঠেছে। এ ব্যাপারে বিবিসি-৫ চ্যানেলকে এক ই-মেইল বার্তায় টম হাইকস জানিয়েছেন, ‘সেক্ষেত্রে আইন ও আদালতের আশ্রয় নেওয়া ছাড়া তাঁদের পক্ষে আর কোনো বিকল্প থাকবে না।’সম্প্রতি লিভারপুলের পরিচালনা পর্ষদের এক সভায় ক্লাবের চেয়ারম্যান ব্রাউটন ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান পারস্লো ও বাণিজ্যিক পরিচালক ইয়ান আইয়ার লিভারপুল ক্লাব বিক্রি করে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। এ ব্যাপারে সংঘটিত ভোটাভুটিতে হেরে যান দুই মালিক টম হাইকস ও জর্জ জিলেট। এ নিয়ে লিভারপুলে দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠলে হাইকস ও জিলেট সিদ্ধান্ত নেন ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান পারস্লো ও বাণিজ্যিক পরিচালক ইয়ান আইয়ারকে ক্লাবের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার। তাঁদের উদ্দেশ্য এই দুজনকে সরিয়ে দিয়ে ক্লাব বিক্রি ঠেকানো।অন্যদিকে ব্রাউটন অবশ্য জানিয়েছেন, ২০০৭ সালে ক্লাব চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগের সময় হাইকস ও জিলেট রয়েল ব্যাংক অব স্কটল্যান্ডে দেওয়া এক মুচলেকায় ক্লাবের বিক্রি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনের একক এখতিয়ার তাঁর কাছে হস্তান্তর করেছেন।সব মিলিয়ে লিভারপুলে ক্ষমতাবান ক্লাব কর্মকর্তাদের দ্বন্দ্ব জমে উঠেছে। এখন শুধু দেখার অপেক্ষা, কোথাকার পানি কোথায় গড়ায়।