লিভারপুল-জুভেন্টাসের জয়, হেরেছে রোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর হাসি ফিরল রাফায়েল বেনিতেজ এবং তাঁর শিষ্যদের মুখে। পরশু রুমানিয়ার ক্লাব ইউনিরিয়া আর্জিসেনিকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠেছে ‘অল রেড’রা। আয়াক্সের সঙ্গে গোলশূন্য ড্র করেও শেষ ষোলো নিশ্চিত করেছে আরেক বড় ক্লাব ইতালির জুভেন্টাস। আগের লেগে ২-১ গোলে জিতেছিল তুরিনের ‘ওল্ড লেডি’।লিভারপুলের ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করা তো রুটিন ব্যাপারই, এত উচ্ছ্বাসের কী আছে? কারণ লুকিয়ে লিভারপুলের সাম্প্রতিক পারফরম্যান্সে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে মৌসুমের প্রথমভাগেই ছিটকে পড়েছে লিভারপুল। একের পর এক পরাজয়ে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশাও ম্লান হতে চলেছে। ইউরোপের সেরাদের সেরার পাঁচটি ট্রফি সাজানো ‘অল রেড’দের ট্রফিকেসে। অথচ এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। খেলছে সেরা ক্লাবগুলোর নিচের ধাপের প্রতিযোগিতা ইউরোপা লিগে। যাই হোক, এই জয় একটা ইউরোপীয় শিরোপা জয়ের সম্ভাবনা তো টিকিয়ে রাখল লিভারপুলের।এ ম্যাচেও কিন্তু পরাজয় চোখ রাঙাচ্ছিল লিভারপুলকে। ১৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আর্জিসেনিই। ভয়টা বেশি ছিল এখানেই। কারণ, এ মৌসুমে প্রথমে পিছিয়ে পড়া ম্যাচগুলোর বেশির ভাগেই যে হেরেছে লিভারপুল। তবে ৩০ মিনিটে মাচেরানোর সমতা ফেরানো গোলের পরই স্বরূপে ফেরে বেনিতেজের দল। ৪১ মিনিটে রায়ান বাবেলের গোলে এগিয়ে যায় তারা। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ানো গোলটি করেন স্টিভেন জেরার্ড। আগের লেগে ১-০ তে জিতেছিল লিভারপুল।ম্যাচ শেষে লিভারপুল কোচও প্রথমে পিছিয়ে পড়ার কথাই বললেন বেশি করে, ‘আমি জানতাম ম্যাচটি কঠিন হবে। প্রথমে একটি গোলও খেয়ে গেলাম। এরপর আমাদের খেলোয়াড়দের দরকার ছিল মনোবল ধরে রাখা। শেষ পর্যন্ত ওরা তা পেরেছে।’এই সময়ে চ্যাম্পিয়নস লিগ নিয়ে ব্যস্ত থাকতে পারত জুভেন্টাসও। কিন্তু লিভারপুলের মতো তাদেরও প্রথম রাউন্ডেই শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগ মিশন। চ্যাম্পিয়নস লিগ গেলেও ইউরোপা লিগ মিশনটা বেঁচে থাকায় খুশি জুভেন্টাস শিবির। তবে ইতালির রাজধানীতে হতাশা। রাজধানীর দল এএস রোমা যে আটকে গেছে শেষ বত্রিশেই। জন আর্নে রিসার গোলে ১১ মিনিটে এগিয়ে যাওয়ার পরও গ্রিসের ক্লাব প্যানাথিনাইকোসের কাছে পরশু ২-৩ গোলে হেরেছে তারা। প্যানাথিনাইকোসের পক্ষে জোড়া গোল করেছেন জেব্রিল সিসে (৪০ ও ৪৫ মিনিট) এবং নিনিস (৪৩ মিনিট)। ৬৭ মিনিটে রোমার অন্য গোলটি করেছেন ডি রোসি। আগের লেগেও ৩-২ গোলে জিতেছিল প্যানাথিনাইকোস। এএফপি।