লিভারপুল নয়, শিরোপা জিতল সিটি

২০১৩-১৪ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পর্দা নামল আজ। নানা উত্থান-পতন শেষে শিরোপা উঠল ম্যানচেস্টার সিটির হাতে। সিটির আজ মাত্র ১ পয়েন্ট হলেই চলত। কিন্তু হলো তার চেয়ে বেশি! ঘরের মাঠে ওয়েস্ট হামকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল ম্যানুয়েল পেলিগ্রিনির দল। অথচ তিন সপ্তাহ আগেও সম্ভাব্য শিরোপার তালিকায় সবার ওপরে নাম ছিল লিভারপুল। আজ অ্যানফিল্ডে নিউক্যাসলকে ২-১ ব্যবধানে হারিয়েও ২৪ বছর পর আরাধ্য শিরোপা ছোঁয়া হলো না ‘অল রেড’দের।
সিটি-ওয়েস্ট হামের ম্যাচে ৩৯ মিনিটে সামির নাসরির গোলে এগিয়ে যায় পেলিগ্রিনির দল। ৪৯ মিনিটে ভিনসেন্ট কোম্পানির গোলে চূড়ান্ত স্কোরলাইন দাঁড়ায়—সিটি ২: ০ ওয়েস্ট হাম। ৩৮ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৮৬। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের ৮৪।
মৌসুমের শেষ ম্যাচে অবশ্য জয় পেয়েছে আর্সেনালও। নরউইচ সিটিকে ‘গানার’রা হারিয়েছে ০-২ ব্যবধানে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ ড্র করেছে সাউদাম্পটনের বিপক্ষে। আর কার্ডিফ সিটির বিপক্ষে ১-২ ব্যবধানে জিতেছে চেলসি। অর্থাত্ ইউনাইটেড বাধে সব বড় দলেরই শেষটা মন্দো হলো না! মৌসুম শেষে ‘রেড ডেভিল’দের আরেকটি দুঃসংবাদ—তাদের টপকে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে টটেনহাম।