লিভারপুল-বায়ার্নের হার, বার্সার ড্র
ম্যানচেস্টার ইউনাইটেড যেটা পারেনি, সেটা পারল ম্যানচেস্টার সিটি। কাল নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে সিটি। আর পরশু সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক বড় ক্লাব লিভারপুল তো হেরেই গেছে। তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল ২-১ গোলে হেরেছে নবাগত ব্ল্যাকপুলের কাছে। দিদিয়ের দ্রগবা ও অ্যালেক্সের গোলে নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে চেলসির জয়টি ২-০ গোলের। স্প্যানিশ লিগে নিজেদের মাঠে রিয়াল মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। লিওনেল মেসির ২১ মিনিটের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সা। তবে ৪২ মিনিটে ম্যাচে সমতা আনেন মায়োর্কার এনসুয়ে।কার্লোস তেভেজ পেনাল্টিতে ১৮ মিনিটেই এগিয়ে দেন সিটিকে। কিন্তু ৬ মিনিট পর গোলটি শোধ করে দেন হোনাস গুতিয়েরেজ। দুই আর্জেন্টাইনের দুই গোলে সমতা। শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয় ৭৫ মিনিটে অ্যাডাম জনসনের দুর্দান্ত এক গোল।চার দিন আগে চেলসি কোচ কার্লো আনচেলত্তির বাবা মারা গেছেন। ইতালিতে তিনি গিয়েছিলেন। কিন্তু আর্সেনালের বিপক্ষে বড় ম্যাচে দল অভিভাবকহীন থাকবে, এটা চাননি বলে ফিরে এসেছেন। তাঁর সেই থাকাটা সার্থক করেছেন শিষ্যরা। ৩৯ মিনিটে দ্রগবার গোল এগিয়ে দেয় চেলসিকে। ৮৫ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন অ্যালেক্স। অ্যানফিল্ডে অ্যাডামের ২৯ মিনিটের পেনাল্টি গোল পেছনে ঠেলে দেয় লিভারপুলকে। ৪৫ মিনিটে ব্যবধানটা ২-০ করেন ভারনি। ৫৩ মিনিটে কিরগিয়াকস একটি গোল একটি গোল ফেরত দিতে পারলেও চূড়ান্ত লজ্জার হাত থেকে রক্ষা করতে পারেননি লিভারপুলকে।কাল লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বায়ার্ন মিউনিখকেও। ডর্টমুন্ডের মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছে বুন্দেসলিগায় রেকর্ড ২২টি শিরোপা জেতা বায়ার্ন। এএফপি।