লিভারপুল-রিয়ালের টানা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একমাত্র গোল, তা-ও আবার জন্মদিনে। লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ বাঁধা পড়লেন সতীর্থদের আলিঙ্গনে এএফপি
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একমাত্র গোল, তা-ও আবার জন্মদিনে। লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ বাঁধা পড়লেন সতীর্থদের আলিঙ্গনে এএফপি

তিন ম্যাচে তিন জয়। লিভারপুল যেন আকাশে উড়ছে। কাল ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সবার ওপরে লিভারপুল। আর্সেনালের কাছে টটেনহামের ১-০ গোলের হারে এককভাবে শীর্ষে অল রেডরা। কাল জিতেছে রিয়াল মাদ্রিদও, লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে তারা হারিয়েছে ৩-১ গোলে।

এর চেয়ে ভালোভাবে জন্মদিনটা কাটাতে পারতেন না ড্যানিয়েল স্টারিজ। কাল ২৪ পূর্ণ করলেন  লিভারপুলের এই স্ট্রাইকার। গোল করে স্মরণীয় করে রাখলেন দিনটাকে, তাও আবার ইউনাইটেডের বিপক্ষে। এই নিয়ে গত ৯ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ১১। লুইস সুয়ারেজের অনুপস্থিতিটা একদমই টের পেতে দিচ্ছেন না! ম্যাচের ৩ মিনিটে হেডে করা স্টারিজের গোলটাই শেষ পর্যন্ত লিখে দিয়েছে ইউনাইটেডের এপিটাফ।

জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক ইসকো  এএফপি
জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক ইসকো এএফপি

তবে ম্যাচ শুরুর আগেই একটা ধাক্কা খায় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। অনুশীলনে মাথায় আঘাত পেয়ে নামতে পারেননি ওয়েইন রুনি। পরে জানা গেছে, সপ্তাহ দুয়েকের জন্য ছিটকে গেছেন ইংল্যান্ড স্ট্রাইকার। ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও খেলতে পারবেন না। চেলসির বিপক্ষে দুর্দান্ত খেলা রুনির অভাবটা কাল ভালোই টের পেয়েছে ইউনাইটেড।কুইজের প্রশ্ন হতে পারে—লিভারপুল সর্বশেষ প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে কবে? ১৯ বছরের মধ্যে এটাই লিভারপুলের সেরা শুরু। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, টানা তিন ম্যাচেই লিভারপুলের স্কোরলাইন ১-০। ইংলিশ লিগেই এমন উদাহরণ আছে মাত্র দুটি। ১৯১২-১৩ সালে ম্যানচেস্টার সিটি ও ১৯২০-২১ মৌসুমে হাডার্সফিল্ড এমন শুরু করতে পেরেছিল লিগে। সেই সঙ্গে ডেভিড ময়েসের আক্ষেপটাও কাল আরেকটু বাড়ল। এভারটনের কোচ থাকার সময় কখনই অ্যানফিল্ডে ম্যাচ জেতা হয়নি এই স্কটিশের। নতুন ক্লাবের দায়িত্ব নিয়েও ‘অ্যানফিল্ড-জুজুটা’ কাটল না। তিন ম্যাচে ইউনাইটেডের মাত্র ৪ পয়েন্ট, ময়েসের সামনে কঠিন দিনই অপেক্ষা করছে। লিভারপুলের মতো টানা তিন ম্যাচে জয় পেয়েছে রিয়ালও। জয় তো পেয়েছেই, তবে কার্লো আনচেলত্তির জন্য স্বস্তি হয়ে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। প্রথম দুই ম্যাচে গোলটা অধরা ছিল রিয়াল ফরোয়ার্ডের। কাল দেখা পেলেন মৌসুমের প্রথম গোলের। মজার ব্যাপার, গত মৌসুমেও প্রথম দুই ম্যাচের গোলখরার পর তৃতীয় ম্যাচে এসে গোল পেয়েছিলেন রোনালদো।

তবে কাল রোনালদোকে ছাপিয়ে দিনটা নিজের করে নিয়েছেন ইসকো। মালাগা থেকে এই মৌসুমেই এসেছেন রিয়ালে। অভিষেকেই গোল পেয়েছিলেন, আর কাল তো জোড়া গোলই করে বসলেন। দেখিয়ে দিয়েছেন স্পেনে কেন তাঁকে তাঁর প্রজন্মের সবচেয়ে প্রতিভাবানদের একজন বলা হয়। ম্যাচ শেষে পেয়েছেন কোচ আনচেলত্তির প্রশংসা, ‘ইসকো খুবই ভালো করছে। মনে হচ্ছে অনেক দিন থেকে সে এই ক্লাবে খেলছে।’ আনচেলত্তিকে অবশ্য মধুর একটা সমস্যাই পোহাতে হচ্ছে এখন। ওজিলের মতো খেলোয়াড়কে বসিয়ে রাখতে হচ্ছে বেঞ্চে। কালও অবশ্য ক্যাসিয়াসকেও উপেক্ষা করেছেন এই ইতালিয়ান। ওয়েবসাইট।