লিভারপুল, সিটি না চেলসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানফিল্ডের পরিবেশ এখন কেমন? উত্তরটা অনুমান করা কঠিন কিছু নয়। উচ্ছ্বাসের জায়গায় চাপা হতাশা। এর সঙ্গে আছে আক্ষেপ আর উদ্বেগও।

অ্যানফিল্ড উপভোগ করুক বা না করুক, ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা কিন্তু ছড়াচ্ছে রোমাঞ্চ। পরশু লিভারপুলকে হারিয়ে চেলসি শিরোপা লড়াইটাকে উন্মুক্ত করে দিয়েছে। লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি—শিরোপা জিততে পারে যেকোনো দলই। 

অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে চেলসি—এই সুসংবাদ শুনে মাঠে নেমে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে সিটি। তাতে যা হলো লিভারপুলের ৮০, চেলসির ৭৮, সিটির ৭৭। মজাটা হলো, পয়েন্টে তিন দলের মধ্যে পিছিয়ে থাকা সিটিরই এখন শিরোপা সম্ভাবনা সবচেয়ে বেশি!

কারণ লিভারপুল-চেলসির হাতে আছে দুটি করে ম্যাচ। সিটির তিনটি। লিভারপুল ও সিটি বাকি ম্যাচগুলোয় জিতলে দুই দলেরই পয়েন্ট হয়ে সমান ৮৬ করে। তখন শিরোপা নির্ধারণে প্রথম যে বিষয়টি বিবেচনা করা হবে, সেই গোল ব্যবধানে সিটি অনেকটাই এগিয়ে। যার সহজ সমীকরণ, বাকি তিন ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে সিটি। ২০১১-১২ মৌসুমেও সিটির শিরোপা এসেছিল গোল ব্যবধানের কল্যাণে।

বাকি তিন ম্যাচের মধ্যে প্রথমটি নিয়েই সিটির বড় দুশ্চিন্তা। ৩ মে খেলতে হবে এভারটনের মাঠে গিয়ে। যেখানে সর্বশেষ চার ম্যাচেই হারতে হয়েছে। পরের ম্যাচ দুটি অবশ্য সহজ, ৭ ও ১১ মে নিজেদের মাঠে প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা ও ওয়েস্ট হাম। ৫ ও ১১ মে লিভারপুলের ম্যাচ দুটি ক্রিস্টাল প্যালেস ও নিউক্যাসলের বিপক্ষে। চেলসির দুই প্রতিপক্ষ নরউইচ সিটি ও কার্ডিফ সিটি।

শিরোপা প্রতিদ্বন্দ্বী তিন দলের কোচই নিজেদের চাপ কমাতে অভিন্ন খেলা খেলছেন। নিজেদের সম্ভাবনাকে বড় করে না দেখে ফেবারিট মানছেন অন্যদের।

পাল্টাপাল্টি যে হচ্ছে না, তা নয়। লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স চেলসিতে হোসে মরিনহোর আগের মেয়াদে ছিলেন তাঁর সহকারী। পরশু হারের পর ‘গুরু’কে ধুয়ে দিয়েছেন রজার্স। সমালোচনা করেছেন মরিনহোর রক্ষণাত্মক ট্যাকটিকসের। মরিনহো দিয়েছেন পাল্টা জবাব, ‘রক্ষণাত্মক খেলা? গণমাধ্যম কোনটাকে রক্ষণাত্মক খেলা বলে, আমি আসলে তা বুঝি না। যখন কোনো দল ভালোভাবে রক্ষণ সামলায়, আপনারা বলেন রক্ষণাত্মক খেলা। বাজে রক্ষণের কারণে দুই বা তিনটা গোল হজম করলে আপনারা সেটাকে রক্ষণাত্মক খেলা বলেন না। আমার দল দুর্দান্ত খেলেছে। প্রত্যেক খেলোয়াড়ই ছিল অসাধারণ।’

তবে মরিনহো বলেছেন, শিরোপা জিতবে লিভারপুল বা সিটি, চেলসি নয়। সিটি কোচ পেলেগ্রিনির কথা, ‘আমরা এগিয়ে কি না? না, কিন্তু এটা নির্ভর করছে সামনের ম্যাচগুলো কেমন করব তার ওপর, যা খুবই গুরুত্বপূর্ণ।’ আর রজার্স তো আগেই বলেছেন, ‘লিগে যা-ই ঘটুক, মৌসুমটা আমাদের জন্য হবে দুর্দান্ত।’ এএফপি।

শিরোপা দৌড়ে তিন দল

লিভারপুল

৩৬ ম্যাচে  

৮০ পয়েন্ট

চেলসি

৩৬ ম্যাচে  

৭৮ পয়েন্ট

ম্যান সিটি

৩৫ ম্যাচে  

৭৭ পয়েন্ট