লিভারপুল-সিটির স্বপ্নভঙ্গের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দল শিরোপা-দৌড় থেকে ছিটকে পড়েছিল আগেই, বেঁচে ছিল শুধু চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন। আরেক দলের শিরোপার আশার পিদিম জ্বলছিল টিম টিম করে। এক দিনেই দুই দলের শেষ আশাটুকুও বোধ হয় ভেস্তে গেল। ম্যানচেস্টার সিটি এভারটনের কাছে ২-০ গোলে হেরে শিরোপা-স্বপ্নটা খুইয়ে বসেছে। সাউদাম্পটনের কাছে ৩-১ গোলে হারার পর লিভারপুলের শীর্ষ চারে থাকার স্বপ্নটাও খেয়েছে বড় একটা ধাক্কা। রিডিংকে ১-০ গোলে হারিয়ে শিরোপার সুবাস এখন তীব্রভাবেই পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালও বায়ার্ন-বধের অনুপ্রেরণায় সোয়ানসিকে হারিয়েছে ২-০ গোলে।গত বছর স্নায়ুক্ষয়ী শেষ দিনেই প্রিমিয়ার লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি। এবার আর অলৌকিক কিছু না ঘটলে সে রকম কিছু হচ্ছে না নিশ্চিতভাবেই। ১০ জনের এভারটনের কাছে পরাজয়টা মেনে নিতে পারেননি সিটি কোচ রবার্তো মানচিনি। ম্যাচ শেষে ক্ষুব্ধ কোচ আসেননি সংবাদ সম্মেলনেও। পাঠিয়েছিলেন সহকারী কোচ ডেভিড প্লাটকে। প্লাটই জানিয়ে যান ৮৬ মিনিটে নিশ্চিত পেনাল্টি না দেওয়ায় বেজায় খেপেছেন মানচিনি, ‘বুঝতেই পারছেন, তিনি খুবই ক্রুদ্ধ। আমার মনে হয়, তিনি এ মুহূর্তে নিজেকে শান্ত করছেন। তিনি এখানে এসে এমন কিছু বলতে চান না যাতে বিপদে পড়তে পারেন।’টানা তিন জয়ে খোশমেজাজেই ছিলেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। ভুলেও হয়তো ভাবেননি, উড়তে থাকা দলকে এভাবে মাটিতে নামিয়ে আনবে সাউদাম্পটন! তা-ও আবার এমন বাজে পরাজয়। হারটা যে প্রাপ্য ছিল সেটাও স্বীকার করে নিলেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। এটাই আসল কথা। আমরা যেভাবে খেলা শুরু করেছিলাম তাতে এই পর্যায়ে ফিরে আসাটা খুব কঠিনই ছিল। আমরা রক্ষণের কাজটাও ঠিকমতো করতে পারিনি।’ চতুর্থ চেলসির চেয়ে পিছিয়ে ৭ পয়েন্টে, চেলসি অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে।দিন শেষে সবচেয়ে চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ইউনাইটেড এখন সিটির চেয়ে এগিয়ে ১৫ পয়েন্টে। চকচকে ট্রফিটার ঔজ্জ্বল্য চোখে ভাসছে, এখন শুধু হাতে নিতে হবে। রিডিংকে হারাতে অবশ্য ঘামই ছুটে গিয়েছিল। ওয়েইন রুনিই করেছেন ম্যাচের একমাত্র গোল। সবচেয়ে বেশি পয়েন্টে এগিয়ে থেকে লিগ জেতার নিজেদের রেকর্ডটাও ভেঙে দিতে পারে এবার ইউনাইটেড। ২০০০ সালে দ্বিতীয় আর্সেনালের চেয়ে ১৮ পয়েন্টের ব্যবধানে লিগ জিতেছিল ইউনাইটেড। ফার্গি আপাতত এসব ভাবনা দূরে সরিয়ে রাখছেন, ‘যে যা ইচ্ছা তা-ই বলতে পারে। তবে আত্মতুষ্টি আপনাকে পয়েন্ট বা পদক দেবে না। আমরা তাতে ভুগছিও না।’ এএফপি।