লিভারপুলকে জয়ে ফেরালেন তোরেস
ফার্নান্দো তোরেস তাঁর মতো খেললেন। আর নিজেদের মাঠে লিভারপুলও ফিরল জয়ে। স্প্যানিশ স্ট্রাইকারের জোড়া গোলে পোর্টসমাউথকে ৪-১ গোলে হারিয়েছে ‘অল রেড’রা। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়েও পেছনে ঠেলে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে।ইংলিশ লিগের শিরোপা লড়াইটা এখন তিন দলেরই—ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনালের। চতুর্থ স্থানের লড়াইটা টটেনহাম, লিভারপুল, ম্যানসিটি ও অ্যাস্টনভিলার মধ্যে। ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে এ লড়াইয়ে এগিয়ে আছে টটেনহাম (চতুর্থ স্থানে)। ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল। এর পরই ম্যানসিটি (২৮ ম্যাচে ৫০) ও অ্যাস্টনভিলা (২৭ ম্যাচে ৪৬)। পরশু পোর্টসমাউথ আসলে উড়ে গেছে ৬ মিনিটের একটা ঝড়েই। প্রথমার্ধের ২৬ থেকে ৩২ মিনিট—এই ৬ মিনিটের মধ্যে ৩ গোল খেয়েছে ঋণভারে জর্জরিত ক্লাবটি। ২৬ মিনিটে তোরেস, ২৮ মিনিটে রায়ান বাবেল এবং ৩২ মিনিটে অ্যাকুইলানি করেছেন দলের তৃতীয় গোল। দুটি গোলেরই উত্স ছিলেন তোরেস। ৭৭ মিনিটে দলের চতুর্থ গোলটিও তাঁর। লিগে তোরেসের এটা ১৫তম গোল।হোক বড় জয়, কিন্তু এটা নিয়ে খুব কি উচ্ছ্বাস থাকার কথা লিভারপুলের? পয়েন্ট তালিকার সবার নিচের দল পোর্টসমাউথ। পয়েন্ট তালিকার মাঝরেখার ওপরে থাকা দলের বিপক্ষে খেলা ১৫ ম্যাচের ১৪টিতেই হেরেছে তারা। এমন দলের বিপক্ষে লিভারপুল জয় পাবেই। আনন্দের চেয়ে লিভারপুলের স্বস্তি হচ্ছে বেশি। এই মৌসুমে দলের যে এবড়োথেবড়ো অবস্থা, কোচ রাফায়েল বেনিতেজ তাই জয় পেয়ে খুশিই, ‘আমরা ভালো একটি ম্যাচ খেলতে চেয়েছিলাম। চেয়েছিলাম গোল পেতে। দুটোই হলো এবং আমি খুশি।’ এএফপি।