লিভারপুলকে তাতিয়ে দিয়েছেন তোরেস
লিভারপুল-চেলসি ম্যাচের আগের উত্তেজনা আর নেই। লিভারপুলের যে হাল তাতে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা আর্সেনালের সঙ্গে তাদের ম্যাচ এখন আর রোমাঞ্চও জাগায় না। তবে আজকের চেলসি-লিভারপুল ম্যাচটা একটু ব্যতিক্রম। আর এ ম্যাচটা ঘিরে স্টামফোর্ড ব্রিজ এবং অ্যানফিল্ডে সাজ সাজ রব। নড়েচড়ে বসছে ফুটবল রোমান্টিকরাও।লিভারপুল হঠাৎ করে পাল্টে যায়নি। সর্বশেষ কয়েকটি ম্যাচে ভালো করলেও শিরোপা লড়াইয়ে এ মৌসুমে আর ফেরার সুযোগ তাদের নেই বললেই চলে। তার পরও আজকের চেলসি-লিভারপুল ম্যাচটিকে তাতিয়ে দিয়েছেন ফার্নান্দো তোরেস।লিভারপুল-চেলসির চার দিনের লড়াইয়ের অবসান হয়েছে জানুয়ারির দলবদলের শেষ দিনে ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড গড়ে তোরেসকে চেলসির পাওয়া দিয়ে। ক্লাব বদলের সপ্তাহ খানেকের মধ্যেই তোরেস মুখোমুখি হচ্ছেন তাঁর পুরোনো ক্লাবের। কাল ম্যাচের আগের দিন ‘লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত আরও আগেই নিয়েছি’ বলে তোরেস তেতে থাকা ‘অল রেড’ সমর্থকদের আরেকটু খেপিয়ে তুলেছেন। তবে বলেছেন ‘গোল পেলেও উদ্যাপন করব না’। ফুটবল-বিশ্ব তাকিয়ে আছে লিভারপুল ম্যাচ দিয়ে স্প্যানিশ স্ট্রাইকারের চেলসি-অভিষেক দেখার জন্য।তবে চেলসি কোচ কার্লো আনচেলত্তি তোরেসের প্রথম একাদশে থাকার নিশ্চয়তা দেননি, ‘ফার্নান্দো তোরেস পুরো ফিট আছে এবং অনুশীলনেও ভালো করেছে। লিভারপুলের বিপক্ষে খেলার জন্য সে তৈরি। কিন্তু আমি এখনই বলতে পারছি না ও শুরুর একাদশে থাকবে কি না। হয়তো বদলি হিসেবে নামবে।’ এএফপি।