লিভারপুলকে নিয়ে চিন্তিত দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা আর্সেনাল আর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চেলসির ব্যবধান ৫ পয়েন্ট। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে লিভারপুল। পারফরমেন্সের বিচারে চেলসির কাছে পাত্তাই পাওয়ার কথা না লিভারপুলের। কিন্তু তবুও আগামীকাল রোববার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটাকে হালকাভাবে নিচ্ছেন না দিদিয়ের দ্রগবা। বরং এটা খুবই কঠিন একটা ম্যাচ হবে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি। মৌসুমের শুরুটা ভালো না হলেও প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচ আর ইউরোপা লিগে নাপোলির বিপক্ষে শেষ ম্যাচটি জিতে আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে লিভারপুল। আর অল রেডদের এই পুনর্জাগরণই চিন্তায় ফেলে দিয়েছে দ্রগবাকে। লিভারপুল চেলসির বিপক্ষে এই ম্যাচটা জিতে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়ানোর চেষ্টা করবে মন্তব্য করে তিনি বলেছেন, ‘মৌসুমের শুরুতে যে লিভারপুলকে আমরা দেখেছি, তার থেকে এখনকার লিভারপুল একেবারেই আলাদা। শেষ দুই ম্যাচ জিতে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে। এটা সত্যি, আমরা কাউকেই ভয় পাই না। কিন্তু এনফিল্ডে আমাদের খুব কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। চেলসিতে আসার পর থেকেই দেখছি, লিভারপুলের বিপক্ষে ম্যাচটা সব সময়ই খুব কঠিন হয়।’চেলসির জন্য ভরসার কথা, লিভারপুলের বিপক্ষে মাঠে ফিরছেন নিয়মিত অধিনায়ক জন টেরি। এর সঙ্গে অবশ্য একটা দুঃসংবাদও আছে চেলসির সমর্থকদের জন্য। ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকতে হবে তাদের মাঝমাঠের প্রধান ভরসা ফ্রাঙ্ক লাম্পার্ডকে। অন্যদিকে লিভারপুলকেও মাঠে নামতে হবে মিডফিল্ডার জো কোলকে ছাড়া।