‘লিভারপুলকে ৪-০ গোলে হারিয়ে দাও’—সাউদাম্পটনকে গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট হাম আরেকটু রং চড়িয়েছে প্রিমিয়ার লিগের শিরোপা–দৌড়ে। নিজেদের মাঠে কাল ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ওয়েস্ট হাম, তাতে প্রিমিয়ার লিগের শিরোপা–দৌড় নতুন মোড় নিয়েছে।

গোল ব্যবধানের হিসাব এখন আর কোনো কাজে আসবে না। হিসাবটা এখন সহজ—সিটি নিজেদের বাকি ম্যাচ জিতলে তারা চ্যাম্পিয়ন। আর সিটির আরেকবার পা হড়কালে? লিভারপুল নিজেদের বাকি দুই ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন!

তবে অত হিসাব-নিকাশে যাওয়ার দরকারই হবে না, যদি আগামীকাল সাউদাম্পটনের মাঠে লিভারপুল হেরে যায়। সে ক্ষেত্রে কালই শিরোপা নিশ্চিত হয়ে যাবে সিটির। এমন পরিস্থিতিতে সিটি কোচ পেপ গার্দিওলা কী চাইতে পারেন? কী আর, লিভারপুলের হার! তা-ও যেনতেন হার নয়, সাউদাম্পটনের কাছে সিটি কোচের চাওয়া, লিভারপুলকে ৪-০ গোলে হারিয়ে দিক তারা!

ওয়েস্ট হামের মাঠে কাল সিটি বিরতিতে ২-০ গোলে পিছিয়ে ছিল। সেখান থেকে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ানো। জ্যাক গ্রিলিশের গোলে ম্যাচে ফেরা সিটির, সমতায় ফেরে ওয়েস্ট হাম ডিফেন্ডার ভ্লাদিমির কুফালের আত্মঘাতী গোলে। শেষ দিকে রিয়াদ মাহরেজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে সিটিই জিতে যেতে পারত!

তা হয়নি। তবে যা হয়েছে, তাতে একেবারে বিশাল কোনো ক্ষতিও হয়ে যায়নি সিটির। এখনো সবকিছু তো সিটিরই হাতে! ম্যাচের পর গার্দিওলাও তাই বলছিলেন, ‘এই লিভারপুলের বিপক্ষে আপনি চার ম্যাচ হাতে রেখে লিগ জেতার আশা করতে পারেন না। শেষ পর্যন্তই লড়ে যেতে হয়। তবে এখানে বড় সুবিধাটা হচ্ছে, এটা (সিটির শেষ ম্যাচ) আমাদের নিজেদেরই মাঠে এবং সবকিছু এখনো আমাদের হাতে আছে।’

অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ সেই ম্যাচের ফল কী হবে, তার ওপরই তো লিগের ভাগ্য বদলের সম্ভাবনা নির্ভর করছে, সেটি নিয়ে এখনই কিছু বলতে যাননি গার্দিওলা। তবে একটা নিশ্চয়তা দিয়ে রেখেছেন সিটি কোচ, ‘আমি আপনাদের শুধু একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি। এক সপ্তাহ পর আমাদের স্টেডিয়াম দর্শকে গমগমে থাকবে, তাঁদের জন্য আমরা নিজেদের সবটুকু দিয়ে দেব এবং তাঁরাও ৯৫ মিনিট ধরে আমাদের সবটুকু নিংড়ে দেবেন। নিজেদের মাঠে একটা ম্যাচ জিতে লিগ জেতার সুযোগ অসাধারণ একটা ব্যাপার!’

তা ঠিক, তবে শেষ ম্যাচ পর্যন্ত উৎকণ্ঠা ধরে না রাখার সুযোগ যদি পাওয়া যায়, তাহলে সেটি কে না নেবেন? গার্দিওলাও ব্যতিক্রম নন। আগামীকাল সাউদাম্পটনের মাঠে লিভারপুল হেরে গেলেই তো সিটির শিরোপা নিশ্চিত, সে কারণে গার্দিওলার কাছে প্রশ্ন হলো সাউদাম্পটন-লিভারপুল ম্যাচ নিয়ে। তাতে রালফ হাসনহুটলের সাউদাম্পটনের কাছে গার্দিওলার আবদার, ‘লিভারপুলকে ৪-০ হারিয়ে দাও!’ সাউদাম্পটনের মাঠে ম্যাচটির পর লিভারপুল লিগে শেষ ম্যাচ খেলবে নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের সঙ্গে।

অ্যাস্টন ভিলার বিপক্ষে সিটি জয় পেলে তো কথাই নেই, তবে ড্র করলেও শিরোপা জিতে যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্য আশায় থাকতে হবে, যাতে লিভারপুল নিজেদের বাকি দুই ম্যাচের অন্তত একটিতে পয়েন্ট হারায়। তবে লিভারপুল দুই ম্যাচেই জিতে গেলে সিটিরও ভিলার বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না।

এ ক্ষেত্রে লিভারপুলের কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ডের জন্য দারুণ সুযোগ লিভারপুলকে লিগ জেতানোর। নিজে লিভারপুলের জার্সিতে কখনো লিগ জিততে পারেননি, জেরার্ডের আজীবনের আক্ষেপ সেটি। তবে এখন অন্য ভূমিকায় লিভারপুলের ইতিহাসে অনন্য জায়গা পাওয়ার সম্ভাবনা জেরার্ডের সামনে। তিনিই এখন অ্যাস্টন ভিলার কোচ কিনা!

সিটিকে আটকে দিয়ে লিভারপুলকে উচ্ছ্বাসে ভাসার সুযোগ করে দেওয়া হয়তো জেরার্ডের কাছেও বাড়তি প্রেরণা হয়ে আসবে!