লিভারপুলে জয়ের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনে রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডে চেলসি। এ দুটি লিগের পয়েন্ট তালিকার শীর্ষে বড় নামই আছে। কিন্তু ইতালি আর জার্মানির লিগকে এভাবে মেলানো যাচ্ছে না। সিরি ‘আ’ ও বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে কোনো বড় নাম নেই। ৮ ম্যাচ শেষে সিরি ‘আ’র শীর্ষে লাৎসিও আর ৯ ম্যাচ শেষে বুন্দেসলিগায় মেইঞ্জ।ইন্টার ও এসি মিলানের একের পর এক বাজে পারফরম্যান্সের সুযোগ কাজে লাগিয়ে লাৎসিও পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আগেই। পরশু ক্যালিয়ারিকে ২-১ গোলে শীর্ষস্থানকে আরও সংহত করেছে। তবে ইন্টার মিলানের সুযোগ ছিল লাৎসিওর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে নেওয়ার। কিন্তু গত মৌসুমে ট্রেবলজয়ী দলটি তা পারেনি। নিজেদের মাঠে সাম্পদোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার। ৮ ম্যাচ শেষে শীর্ষে থাকা লাৎসিওর পয়েন্ট ১৯। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার। কাল নাপোলির বিপক্ষে জিতে থাকলে ইন্টারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যাবে একই শহরের ক্লাব এসি মিলান।জার্মানিতে মেইঞ্জের গল্পটা একেবারেই অন্যরকম। মেইঞ্জের মাঠের পারফরম্যান্স রূপকথার মতো! লিগের শুরু থেকেই একের পর এক চমক উপহার দিয়ে শীর্ষে তারা। গত রাউন্ডে অবশ্য দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল মেইঞ্জ। তবে পরশু তারা বেয়ার লেভারকুসেনকে ১-০ গোলে হারানোয় এবং বরুসিয়া ডর্টমুন্ড হফেনহেইমের সঙ্গে ১-১ গোলে ড্র করায় আবার ফিরে পেয়েছে শীর্ষস্থান। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট মেইঞ্জের। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়ার পয়েন্ট ২২। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির শীর্ষস্থান চেলসিরই আছে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট তাদের। তবে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় দ্বিতীয় স্থানটি হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ওই স্থানটা এখন ৯ ম্যাচে ১৭ পয়েন্ট পাওয়া আর্সেনালের। ১৭ পয়েন্ট করে আছে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যান সিটির।সিটির মাঠে সিটিকে হারিয়ে আসতে পারায় দারুণ খুশি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার, ‘আমি সবচেয়ে খুশি হয়েছি আমার খেলোয়াড়েরা পরিণত ফুটবল খেলেছে দেখে।’ তিন গোলদাতা সামির নাসরি, সং আর বেন্টনারের প্রশংসা একটু বেশিই করেছেন গানার কোচ।আর্সেনালে খুশির দিনে লিভারপুলেও স্বস্তির বাতাস। ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ পর প্রথম জয় পেল ‘অল রেড’রা। লিভারপুলে কোচের আপাতত চাকরি বাঁচানো জয়টা এসেছে স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের মাধ্যমে। ব্ল্যাকবার্নের বিপক্ষে লিভারপুল প্রথমে এগিয়ে গিয়েছিল কিরগিয়াকসের গোলে। তবে জেমি ক্যারাঘারের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা চলে আসে। কোচ রয় হজসনের সুদৃষ্টির বাইরে চলে যাওয়া তোরেসের গোলেই শেষতক জয় পায় লিভারপুল, যদিও অবনমন এলাকার লাল আলোটা এখনো তাদের চোখে।ম্যানইউকে পরশু ওয়েইন রুনির অভাব বুঝতে দেননি হাভিয়ের হার্নান্দেজ। জোড়া গোল করে স্টোকের বিপক্ষে ২-১ গোলে জিতিয়েছেন দলকে। এএফপি।