লিভারপুলে বোরিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যান্ডন রজার্স লিভারপুলের কোচ হয়েই হাত বাড়ালেন প্রিয় শিষ্যের দিকে। তাঁর আগ্রহেই প্রায় ১১ মিলিয়ন পাউন্ডে এএস রোমা থেকে অ্যানফিল্ডে উড়িয়ে আনা হলো ইতালীয় তরুণ স্ট্রাইকার ফ্যাবিও বোরিনিকে। গতকাল শুক্রবার বোরিনির সঙ্গে সবকিছু চূড়ান্ত হয় লিভারপুলের। বোরিনিকে জায়গা করে দিতে লিভারপুল মায়া ত্যাগ করছে আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগুয়েজের। বোরিনি সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট ইতালি দলে ছিলেন। যদিও তাঁকে পুরো প্রতিযোগিতা ডাগ আউটে বসে কাটাতে হয়েছে। তবে প্রতিশ্রুতিশীল এই স্ট্রাইকার ইতিমধ্যেই নিজের সম্ভাবনাময় ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে রেখেছেন। গত মৌসুমে এএস রোমার হয়ে ২৬টি ম্যাচে অংশ নিয়ে তাঁর গোলসংখ্যা ১০। তবে তাঁর লিভারপুলে আসার পেছনে কোচ ব্র্যান্ডন রজার্সের ভূমিকাই মুখ্য। গত মৌসুমে এই বোরিনিই সোয়ানসি সিটির হয়ে ঋণচুক্তিতে খেলেছিলেন। যেখানে কোচ থাকা অবস্থায় রজার্স খুব কাছ থেকে বোরিনিকে দেখেছেন। বোরিনিকে দলে নেওয়ার আরও একটি কারণ মূলত ভবিষ্যতের জন্য ভালো দল গড়া। আপাতত রজার্সের মিশন এটিই। সেখানে পুরোনো শিষ্যকে তাঁর উপযোগীই মনে হয়েছে।লিভারপুলের হয়ে ২৯ নম্বর জার্সি গায়ে চড়াবেন বোরিনি। এটা বোরিনির সৌভাগ্যের সংখ্যা। তাঁকে দলে নিয়ে উচ্ছ্বসিত রজার্স জানিয়েছেন, একজন প্রতিভাবান খেলোয়াড়কে দলে নিয়েছি আমরা। আমাদের নতুন পরিকল্পনায় বোরিনি একজন উপযুক্ত খেলোয়াড়।তিনি বলেন, বোরিনি দারুণ এক প্রতিভা। বয়সটাও শিখিয়ে পড়িয়ে নেওয়ার জন্য চমত্কার। ২১ বছর বয়সী এই ফুটবলারের নতুন কিছু শেখার আগ্রহও ব্যাপক। ৪-৩-৩ ফরম্যাটে তিনি দারুণ একজন খেলোয়াড়। দুই পায়েই শক্তিশালী বোরিনি দারুণ ফিনিশারও।লিভারপুলে এসে আনন্দিত বোরিনিও। বলেছেন, ফুটবলের অন্যতম শীর্ষ এই ক্লাব অতীতে অনেক শিরোপা জিতেছে। ভবিষ্যতেও এই দলকে আরও শিরোপা এনে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। তাঁর মতে, ক্লাব ও ম্যানেজারের আস্থা আমার ওপর আছে, এ জন্য আমি সত্যিই গর্বিত।ব্র্যান্ডন রজার্সের জন্যই যে তিনি লিভারপুলে এসেছেন, সেটা স্বীকার করেছেন বোরিনি। তিনি বলেন, লিভারপুলে আসার পেছনে রজার্স একটা কারণ, তবে মূল কারণ নয়।