লিভারপুলে হারল ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারিতে ‘এভরা-সুয়ারেজ’ ঘটনার আগুন ছিল না। তবে আগুন একটা ছিল, সেটা মাঠে এবং ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুলের খেলাতেই। তাতে শেষ পর্যন্ত বিজয়ী লিভারপুল। এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে কাল তারা ২-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উঠে গেছে শেষ ষোলোয়। নাটকীয় এক ম্যাচই উপভোগ করেছে অ্যানফিল্ডের দর্শক। শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে ডার্ক কিউটের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ‘অলরেডস’। ২১ মিনিটে স্টিভেন জেরার্ডের কর্নার থেকে গোল করে দলকে প্রথমে এগিয়ে নেন অ্যাগার। কিন্তু ৩৯ মিনিটে দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার পার্কের গোলে সমতায় ফেরে ম্যান ইউ। একসময় মনে হচ্ছিল, গত অক্টোবরেরই পুনর্মঞ্চায়ন হতে চলেছে। কিন্তু শেষ মুহূর্তে ম্যান ইউয়ের সর্বনাশটা করেন বদলি হিসেবে নামা ডাচ ফরোয়ার্ড কিউট। এদিকে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে কাল লিভারপুলের সঙ্গে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে চেলসিও। ৬২ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করেছেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। এএফপি।