লিভারপুলেই থাকছেন জেরার্ড

সেই ১৯৮৭ সালে শুরু। বয়স তখন মাত্র সাত বছর। তখন থেকে লিভারপুলেই আছেন স্টিফেন জেরার্ড। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০১৩-১৪ মৌসুম শেষে। তবে গতকাল সোমবার লিভারপুলের সঙ্গে নতুন করে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ অধিনায়ক।
ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ জানায়, অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়নের খবরটা এক বিবৃতিতে প্রকাশ করেছে লিভারপুল। পরে লিভারপুল টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে সেটা নিশ্চিত করেছেন জেরার্ডও, ‘আমি এখানে আরও দীর্ঘ সময় থাকতে চাই। চুক্তি নবায়ন করার কারণ এটাই। এটা আমার জন্য আনন্দের। দারুণ খুশির খবর। আমি সত্যি নিজেকে ও আমার পরিবারকে নিয়ে খুশি।’
২৬ বছর ধরে আছেন লিভারপুলে। এর মধ্যে মূল দলেই খেলছেন ১৫ বছর ধরে। এত দীর্ঘ সময় আস্থা রাখায় ক্লাবের প্রতি কৃতজ্ঞতার কমতি নেই জেরার্ডের, ‘আমার প্রতি ক্লাবের আস্থা আছে বলেই আমি এখানে। মৌসুমের ঠিক আগমুহূর্তে সুসংবাদটা পেলাম। এখন পুরোপুরি খেলায় মনোনিবেশ করতে পারব।’
লিভারপুলে আরও সময় থাকতে পেরে জেরার্ড আনন্দিত। তেমনি তাঁকে রাখতে পেরে আনন্দিত ক্লাবও। লিভারপুলের ব্যবস্থাপনা পরিচালক ইয়ান আয়ারের কথাতেও তা স্পষ্ট, ‘জেরার্ড সব সময় লিভারপুলের বড় অংশ হয়ে ছিলেন। একজন খেলোয়াড় তাঁর গোটা ক্যারিয়ার স্থানীয় ক্লাবে কাটিয়ে দেবেন, বর্তমান সময়ে এমন কাউকে পাওয়া কঠিন। এদিক থেকে জেরার্ড ব্যতিক্রম। তাঁকে নিয়ে আমরা সব সময় খুশি ছিলাম। আশা করছি, তা শেষ পর্যন্তও থাকবে।’