লিভারপুলেই থাকছেন জেরার্ড
লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তি ২০১৩ সাল পর্যন্ত। গত মাসে গুঞ্জন উঠে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়ছেন স্টিফেন জেরার্ড। তবে লিভারপুল ছাড়ছেন না ইংল্যান্ডের এই অধিনায়ক। ম্যানেজার হজসনের সঙ্গে আলোচনা করে লিভারপুলের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন জেরার্ড।৩০ বছর বয়সী জেরার্ড বিবিসিকে বলছেন, ‘হজসনের সঙ্গে একান্তে কথা বলার সুযোগ চেয়েছিলাম আমি। তাঁর সঙ্গে আলোচনাও হয়েছে। লিভারপুল নিয়ে ম্যানেজারের পরিকল্পনায় আমি মুগ্ধ।’ এরপর যোগ করেন, ‘সোমবার আমি বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের সঙ্গে অনুশীলন করেছি। এখন অপেক্ষায় আছি, কখন নতুন মৌসুমের লড়াই শুরু হবে।’জেরার্ডের সিদ্ধান্তে উচ্ছ্বসিত হজসন বলছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় খবর। লিভারপুলে এমন কাউকে পাওয়া যাবে না যে জেরার্ডের খবরে খুশি নয়।’ জেরার্ডের প্রশংসা করতেও ভোলেননি লিভারপুলের এই ম্যানেজার, ‘জেরার্ডের প্রতি সব সময় আমার শ্রদ্ধা রয়েছে। লিভারপুলে আসার পর থেকেই আমি এই ফুটবলারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’