লিভারপুলেই থাকছেন সুয়ারেজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি ম্যাচময় দিনে জাপানকে ৪-২ গোলে হারানোর পথে সতীর্থ ডিয়েগো ফোরলানের সঙ্গে উরুগুয়ের লুইস সুয়ারেজের গোল উদ্যাপন। ফোরলান আগেই করে ফেলেছিলেন জোড়া গোল ষ এএফপি
প্রীতি ম্যাচময় দিনে জাপানকে ৪-২ গোলে হারানোর পথে সতীর্থ ডিয়েগো ফোরলানের সঙ্গে উরুগুয়ের লুইস সুয়ারেজের গোল উদ্যাপন। ফোরলান আগেই করে ফেলেছিলেন জোড়া গোল ষ এএফপি

লিভারপুল ছাড়ছেন—এটা একরকম ভবিতব্যই মনে হচ্ছিল। আর্সেনাল তাঁকে নেওয়ার তীব্র ইচ্ছাটা জানিয়েছিল প্রকাশ্যেই। এমনকি তাদের দ্বিতীয় প্রস্তাবটা পৌঁছেছিল ক্লাবের রেকর্ডভাঙা ৪ কোটি ২০ লাখ পাউন্ড পর্যন্ত। কিন্তু শেষমেশ হয়তো হতাশই হতে হচ্ছে আর্সেন ওয়েঙ্গারকে। এখন মনে হচ্ছে ঠিকানা বদলাচ্ছেন না লুইস সুয়ারেজ। উরুগুয়ের দৈনিক এল অবসারভেদরকে বলেছেন লিভারপুলেই থেকে যাচ্ছেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যমের ওপর তিতিবিরক্ত সুয়ারেজ ইংল্যান্ড ছাড়ার ইচ্ছা গোপন করেননি। হঠাৎই কেন তাঁর এমন উল্টো স্রোতে চলা? এখানে লিভারপুল সমর্থকেরা গর্ববোধ করতেই পারে। সুয়ারেজের ভাষ্যমতে, ‘সমর্থকদের ভালোবাসার জন্যই আমি থেকে যাচ্ছি।’ এমনকি নতুন চুক্তিতে সই করার ইচ্ছাটাও জানিয়েছেন।
এখন হয়তো বিজয়ীর হাসি হাসছেন স্টিভেন জেরার্ড। গত পরশুই জেরার্ড বলেছিলেন সুয়ারেজকে যেকোনো মূল্যে ধরে রাখতে চান, ‘আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ (সুয়ারেজের থেকে যাওয়াটা)। সে বিশ্বের সেরা খেলোয়াড়ের একজন। আমি বুঝতে পারি কেন ক্লাবগুলো তাকে নিতে এতটা আগ্রহ দেখাচ্ছে। আমি যদি নিজের প্রভাব খাঁটিয়ে তাকে থেকে যেতে রাজি করাতে পারি তাহলে আমি অবশ্যই সেটা করব। কারণ আমি ওর সঙ্গে খেলতে ভালোবাসি। আমি চাই না সে চলে যাক। আর লিভারপুলের আরও সাফল্যের জন্যই সেরাদের ধরে রাখার চেষ্টা করে যেতে হবে আমাদের।’
এর মধ্যে হয়ে গেছে আরেক কাণ্ড। কাল প্রীতি ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে জাপানে ছিলেন সুয়ারেজ। জাপানের কিয়োদো নিউজ সুয়ারেজের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এমন কিছু তিনি বলেননি। আসল কাহিনি কী কে জানে!
তবে লিভারপুলের হয়ে নতুন মৌসুমে মাঠে নামার আগে একটা ছোট্ট বাধা পেরোতে হবে উরুগুইয়ান স্ট্রাইকারকে। কোচ ব্রেন্ডন রজার্স স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন লিভারপুলের জার্সি গায়ে চড়াতে হলে সতীর্থ ও ক্লাবের কাছে ক্ষমা চাইতে হবে তাঁকে। লিভারপুলের কোচ কথাটা এমনিতেই বলেননি। সুয়ারেজ যে অভিযোগ করেছিলেন, লিভারপুল তাঁকে যেতে না দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে! পরিস্থিতি দেখে ধরে নেওয়াই যায়, বরফ গলেছে। হয়তো ক্ষমাও চেয়ে নেবেন। এএফপি, ওয়েবসাইট।